ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বুধবার ১৩ জুলাই শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন ২০২১-২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা করে আলোচিত লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।ফান্ডটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান শাস্ত্রা অ্যাসেট ম্যানেজমেন্ট সুত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা চাইলে ঘোষিত লভ্যাংশ নগদ টাকা হিসেবে নিতে পারবেন। আবার তা নগদ টাকায় গ্রহণ না করে ইউনিট ক্রয়ের মাধ্যমে পুনঃবিনিয়োগ করতে পারবেন।
আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ১ টাকা ১৪ পয়সা। অর্থাৎ, ফান্ডটি তার আয়ের ৮৭.৭ শতাংশ মুনাফা বিনিয়োগকারীদের মাঝে লভ্যাংশ হিসেবে প্রদান করবে।
শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের পুঁজিবাজার একটি কঠিন সময় পার করেছে। এ অর্থবছরে পুঁজিবাজার মাত্র ৩.৭ শতাংশ বৃদ্ধি সত্ত্বেও আমরা আমাদের বিনিয়োগকারীদের জন্য ১০:০ শতাংশ লভ্যাংশ প্রদানে সক্ষম হয়েছি। এই কঠিন সময়ে আমাদের উপর আস্থা রাখার জন্যে বিনিয়োগকারীদের ধন্যবাদ জানাই। তাদের এই বিশ্বাসকে সাথে নিয়ে পূর্বের ন্যায় ভবিষ্যতেও তাদের বিনিয়োগের সর্বাধিক মুনাফা অর্জনে আমরা বদ্ধপরিকর।
উল্লেখ্য, গত ৩০ জুন, ২০২২ তারিখে যে সকল বিনিয়োগকারীর উক্ত ফান্ডে বিনিয়োগ ছিল, তারা এই লভ্যাংশ পাবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments