মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআইরিশদের বিপক্ষে সতর্ক বাংলাদেশ কোচ: চন্ডিকা হাথুরুসিংহ
spot_img
spot_img

আইরিশদের বিপক্ষে সতর্ক বাংলাদেশ কোচ: চন্ডিকা হাথুরুসিংহ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিলেটের আকাশ গতকাল ভোর থেকেই মেঘলা। সকালের দিকে এক দফা বৃষ্টিও হয়েছে। এর পর থেকেই শহরে একটা শীত শীত ভাব। তাই বলে ভাববেন না ব্যাট-বলের লড়াইয়েও এমন গুমোট পরিবেশ থাকবে। বরং চার-ছয়ে রান উৎসব হতে পারে লাক্কাতুরা চা বাগান-সংলগ্ন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

১৫ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে আজ শুরু হচ্ছে মাঠের লড়াই। এই কন্ডিশনে অনভ্যস্ত আইরিশদের বিপক্ষে স্পোর্টিং উইকেটে নিজেদের সামর্থ্য পরখ করে নিতে চাইছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আর নতুন চ্যালেঞ্জের জন্য উন্মুখ হয়ে আছে আইরিশরা।

মাত্র তিন দিন আগে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি২০তে হোয়াইটওয়াশ করায় ভীষণ ফুরফুরে মেজাজে আছে টাইগার শিবির। আত্মবিশ্বাসের তুঙ্গে আছে তারা। তাই বলে আয়ারল্যান্ডকে মোটেও সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভীষণ সতর্ক তিনি, ‘খুবই ভয়ংকর দল। আয়ারল্যান্ডকে আমরা ইংল্যান্ডের মতোই সমীহ করছি। আমরা আয়ারল্যান্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছি না। ইংল্যান্ডের বিপক্ষে আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম; তাদের বিপক্ষেও আমাদের মানসিকতা একই। আমরা তাদের সম্মান করি। তাই বলে আমরা কোনো দলকে ভয় পাই না। যে কোনো দলের বিপক্ষে এটাই আমাদের মন্ত্র। আমরা যখন নিজেদের সেরা খেলাটা খেলি, তখন যে কোনো দলকেই হারাতে পারি।

আয়ারল্যান্ডের বিপক্ষে যে রান উৎসব হতে পারে– সে ইঙ্গিতও মিলেছে হাথুরুর কথাতেই, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো মনে হচ্ছে। তবে পেসার ও স্পিনারদের জন্যই পর্যাপ্ত সুবিধা থাকবে।

আমার মনে হয়, ব্যাট-বলে ভালোই লড়াই হবে।’ তবে বাংলাদেশ দলের একাদশ নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। হালকা জ্বর থাকায় অধিনায়ক তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কোনো কারণে তামিম খেলতে না পারলে লিটন নেতৃত্ব দেবেন। গতকাল অনুশীলনে ফুটবল খেলার সময় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ চোখে আঘাত পেয়েছেন। সিটি স্ক্যান রিপোর্ট যদিও ভালো এসেছে, তবে আজ তাঁর মাঠে নামা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। অধিনায়ক তামিমের অবস্থা নিয়ে হাথুরুসিংহে জানিয়েছেন, ‘তার ফিটনেস নিয়ে নয়, স্বাস্থ্যজনিত কিছুটা দুশ্চিন্তা আছে। আমার ধারণা, তার ভাইরাসজনিত সংক্রমণ ধরনের কিছু হয়েছে। সে আজ কিছু ব্যাটিং ও ফিল্ডিং করবে। এর পর আমরা সিদ্ধান্ত নেব।’ দুবাই থেকে ফিরে সাকিব আল হাসান গতকাল পুরোদমে অনুশীলন করেছেন। অবশ্য পুরো দল ম্যাচ খেলার মধ্যে ছিল বলে অনুশীলন নিয়ে চিন্তা করছেন না কোচ।

আয়ারল্যান্ডের বিপক্ষে রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখতে চায় বাংলাদেশ। তাই বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে বলে জানা গেছে। তাই বলে সিরিজ জয় থেকে চোখ সরছে না বাংলাদেশ কোচের, ‘দুটোই থাকবে (সিরিজ জয় ও পরীক্ষা-নিরীক্ষা)। আমরা যাদের বিপক্ষেই খেলি, সব সময়ই লক্ষ্য থাকে জয়। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। টি২০ বিশ্বকাপে তারা কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছে। নিজেদের দিনে যে কোনো দল যে কোনো দলকে হারাতে পারে।’ আইরিশদের বিপক্ষে পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষে। দু’দল এখন পর্যন্ত ১০টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় ৭টি। আয়ারল্যান্ড জিতেছে ২টি এবং একটি ম্যাচ পরিত্যক্ত। আরও একটি বিষয় হলো, গত এক যুগ ধরে ওয়ানডেতে বাংলাদেশকে হারাতে পারেনি আইরিশরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments