ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগাকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি এবং স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে উল্লেখ করে সেসব গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমন কথা জানানো হয়েছে।

বলা হয়েছে, মার্কেটের সাথে সংযুক্ত পথচারী পারাপার সেতুর (ফুটওভার ব্রিজ) সংযোগ বিচ্ছিন্নকরণে করপোরেশন কর্তৃক গৃহীত উদ্যোগকে বিতর্কিত করার অপচেষ্টা করা হচ্ছে। ফলশ্রুতিতে, গণমাধ্যমে বিভ্রান্তিকর এবং অনাকাঙ্ক্ষিত সংবাদ প্রচারিত হচ্ছে, যা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) এর দৃষ্টিগোচর হয়েছে।
আরও বলেন, ঢাকা নিউ মার্কেটের সাথে সংযুক্ত পথচারী পারাপার সেতুটি (ফুটওভার ব্রিজ) গতবছরই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। তখন সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফলক ঝুলিয়ে দেওয়া হয় এবং সেতুটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সে প্রতিবন্ধকতা সরিয়ে লোকজন চলাচল করছিল, যা অত্যন্ত অনিরাপদ।
এমতাবস্থায় দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করে গত ১২ এপ্রিল তারিখে সেই সেতুটির সাথে মার্কেটের সংযোগ বিচ্ছিন্ন করতে ঠিকাদার নিয়োগ করা হয়। তারই ধারাবাহিকতায় গত রাত (১৫ এপ্রিল রাতে) ২টা হতে ভোর ৫টা ১৫ মিনিট পর্যন্ত সেতুটির সাথে মার্কেটের ২য় তলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং করপোরেশন আজকের মতো কার্যক্রম শেষ করে।
এদিকে ভোর ৫টা ৫০ মিনিটে আগুন লাগে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। সুতরাং অগ্নিকাণ্ডের সূত্রপাতের সময় হতে আধা ঘণ্টারও বেশি আগে সম্পন্ন সেতুর সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রমের দৃশ্যত ও অদৃশ্য কোনও ধরনের সংশ্লিষ্টতা নেই। তারপরও কিছু স্বার্থান্বেষী মহল সেতু অপসারণের সাথে আগুন লাগাকে একসূত্রে গাঁথার অপচেষ্টায় লিপ্ত হয়।
অগ্নিকাণ্ডসহ যেকোনও ধরনের দুর্ঘটনা কাম্য নয়। তথাপি, এ ধরনের দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও জান-মালের নিরাপত্তা বিধান করা সর্বাত্মক অগ্রাধিকার। সে লক্ষে ফায়ার সার্ভিস, পুলিশ-সেনাবাহিনী, র্যাবসহ সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থা নিরলসভাবে কাজ করে চলেছে।
সুতরাং, দুর্যোগের এই কঠিনতম সময়ে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে ভিত্তিহীন সংবাদ ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। বরং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে সকলেই এগিয়ে আসি। তাহলেই গণমাধ্যম আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মনে করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments