ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাজ্য ও অন্যান্য কমনওয়েলথ দেশের রাজা-রানি হিসেবে তৃতীয় চার্লস এবং তার পত্নী ক্যামিলার রাজ্যাভিষেক আজ ৬ মে, (শনিবার)। এ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের স্থানীয় সময় ৪ মে (বৃহস্পতিবার) রাতে লন্ডনে পৌঁছেছেন।

আজ শনিবার স্থানীয় সময় বিকেলে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ৭৪ বছর বয়সী তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে তার প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথের স্থলাভিষিক্ত হবেন। গত বছরের ৮ সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ড ও অন্যান্য কমনওয়েলথ দেশের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। এর পর পরই রাজা হন তৃতীয় চার্লস। রাজকীয় ঐতিহ্য অনুসারে, জাতীয় শোক পালন ও ব্যাপক প্রস্তুতির কয়েক মাস পর ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে বাকিংহাম প্যালেসে যুক্তরাজ্যের রাজা ও রানির রাজ্যাভিষেকের আগে সরকার ও রাষ্ট্রপ্রধান বা বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লস সংবর্ধনার আয়োজন করেন। সেখানে সংবর্ধনা গ্রহণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবর্ধনার আগে প্রধানমন্ত্রী কমনওয়েলথ দেশগুলোর সরকারের নেতাদের দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দেন। লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো হাউসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমনওয়েলথের প্রধান রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথ সরকারপ্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন। কমনওয়েলথ নেতারা প্রধান সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার বৈঠক করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে। অনুষ্ঠানে কমনওয়েলথ সরকারপ্রধানদের ছবি ধারণ করা হয়।
জাপানে দ্বিপক্ষীয় সফর ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগদানের পর প্রধানমন্ত্রী তার সফরের তৃতীয় ধাপে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে পৌঁছান।
প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইটটি ৪ মে স্থানীয় সময় রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে রওনা হয়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রীর একমাত্র বোন শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় ব্রিটিশ সরকারের পক্ষে রাষ্ট্রদূত এলিসন ব্ল্যাকবার্ন উপস্থিত ছিলেন।
রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার ঐতিহাসিক রাজ্যাভিষেক উপলক্ষে বাংলাদেশের সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনের নতুন রাজা ও রানির আনুষ্ঠানিক রাজ্যাভিষেক উপলক্ষে শুভেচ্ছাবার্তায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভিনন্দন বার্তায় গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের নতুন রাজা এবং কমনওয়েলথের প্রধান হিসেবে তৃতীয় চার্লসকে আন্তরিক সমর্থন জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত, দূরদর্শী এবং জ্ঞানী নতুন রাজার রাজত্বকালে যুক্তরাজ্যের জনগণ শান্তি ও সমৃদ্ধ একটি উন্নত ভবিষ্যৎ উপভোগ করতে পারবেন।’
শেখ হাসিনা বলেন, ‘আগামী দিনে কমনওয়েলথভুক্ত দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে আপনার (রাজা) সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সম্মানের। রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের বন্ধুপূর্ণ জনগণের শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments