ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের আসামে গত কয়েক দিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন ৩৪ হাজারেও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি জেলা। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ব্রহ্মপুত্র নদ এবং আরও কয়েকটি নদীর পানির স্তর ক্রমশ বাড়ছে। তবে এখনও পানির স্তর বিপদসীমা পার হয়নি।

বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ৭৭টি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে ২০৯ দশমিক ৬৭ হেক্টর জমির। দিমা হাসাও এবং কামরূপ জেলায় ভারী বৃষ্টির কারণে ধসের খবর পাওয়া গেছে।
আসম প্রশাসনের পক্ষে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মোট ৩৪ হাজার ১৮৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে ১৪ হাজার ৬৭৫ জন মহিলা এবং ৩ হাজার ৭৮৭ জন শিশু। বিশ্বনাথ, দরং, ধেমাজি, লখিমপুর, তামুলপুরসহ ১১টি জেলা ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লখিমপুর। সেখানে ২৩ হাজার ৫১৬ জনেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। ডিব্রুগড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ হাজার ৮৫৭ জন। দরংয়ে ক্ষতিগ্রস্তদের সংখ্যা ২২৩১। বিশ্বনাথ জেলায় ২২৩১ জন মানুষ ক্ষতির মুখে পড়েছেন। ধেমাজিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ হাজার ৮৫ জন মানুষ।
বন্যা পরিস্থিতিতে ১১টি ত্রাণশিবির খোলা হয়েছে। তার মধ্যে আটটি ত্রাণশিবির খোলা হয়েছে লখিমপুরে। উদালগুড়িতে দুটি ত্রাণশিবির খোলা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments