ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এই ঈদে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো প্রেক্ষাগৃহে বেশ দাপটে চলছে। তবে সিনেমাগুলোর মধ্যে আলোচনায় আছে শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’ এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। ছবিগুলো মুক্তির পর থেকেই শুরু হয়েছে তর্ক বা বাকযুদ্ধ। নির্মাতাদের মধ্যেও দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ নানা ধরনের পোস্ট করতে। সিনেমাসংশ্লিষ্টদের এমন কর্মকাণ্ডে কিছুটা ব্যথিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

নিজের সিনেমার সাফল্য উদযাপনের পরিবর্তে অন্যকে টেনে নামানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তুললেন তিনি।
ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘এবারের ঈদে মানুষ হলে গেছে। তিনটি ছবি নিয়ে কথাবার্তা হয়েছে। কারও হয়তো এটা ভালো লেগেছে, কারও লাগে নাই। কারও ওটা ভালো লেগেছে, অন্যজনের সেটা লাগে নাই। কিন্তু এই যে মানুষ হলে যাচ্ছে, এই জিনিসটা সেলিব্রেট করার কথা ছিল। কিন্তু সেখানে পুরা জিনিসটাই এবার মোটামুটি আমরা আমাদের জাতীয় রাজনীতির পর্যায়ে নামাইয়া নিয়া আসছি। খুবই দুঃখজনক ছিল ব্যাপারটা।
বেশ কয়েক বছর ধরে সংঘবদ্ধ চক্রাকারে নোংরামি করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই পরিচালক।
ফারুকীর ভাষ্য, ‘নিজের সাফল্য সেলিব্রেশনের পরিবর্তে আমরা দেখলাম অন্যকে টেনে নামানোর প্রাণান্ত চেষ্টা! এটা যে এবারই শুরু হয়েছে তা না! বেশ কয়েক বছর ধরে দেখছি ওটিটিকেন্দ্রিক ক্যাম্পেইনের সময়ও এ রকম হচ্ছে! একটা সংঘবদ্ধ প্রচেষ্টা চলে অন্যদের খারিজ করে শুধু আমি বা আমারটাই সেরা প্রমাণ করতে! আমাদের জাতীয় রাজনীতিতে যেমন শত ফুল ফুটতে দেয়ার নিয়ম নাই, সিনেমা-ওটিটিতেও যদি আমরা এটা আমদানি করে ফেলি, এর চেয়ে দুঃখের কিছু থাকবে না।
সিনেমাসংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ‘মনে রেখো, ভাই ও বোনেরা, শুধু আমরা আর মামারা মিলে একটা ইন্ডাস্ট্রি হবে না। সবাই মিলেই সেটা হবে। নিজের পাশে অন্যকে দাঁড়ানোর জায়গাটা দিতে হবে। সবাইকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments