
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএনএ টেক্সটাইলকে পুনরায় সক্রিয় করতে ৬ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। আজ ৮ আগষ্ট কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গন কালুরঘাট,চট্টগ্রামে হাইব্রিড পদ্ধতিতে এ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হয়। অনলাইনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সিএনএ টেক্সটাইলের এজিএম সম্পন্ন হয়। অনুষ্ঠিত এজিএমে শেয়ারহোল্ডাররা কোম্পানির সর্বশেষ ২০২১-২০২২ অর্থবছরের জন্য ঘোষিত ০.৪% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন দেয়।
উল্লেখ্য, সিএনএ টেক্সটাইলের আবেদনের প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কোম্পানিটিকে ২০১৬-২০১৭ অর্থবছর থেকে টানা ৬ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুমতি দেয়। সেই ধারাবাহিকতায় সিএনএ টেক্সটাইল তাদের ফ্যাক্টরী প্রাঙ্গণ, বিসিআইসি শিল্প এলাকা, কালুরঘাট, চট্টগ্রামে আজ ৮ আগস্ট দুপুর ১২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এজিএম অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮,২০১৮-২০১৯, ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়া দীর্ঘদিন কোম্পানির ফ্যাক্টরীতে পড়ে থাকা স্ক্র্যাপ বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ০.৪% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে সিএনএ টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১০ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫.০৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডট কম/মু.






















Recent Comments