ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টুর্নামেন্টের মাঝে এবারও ঝটিকা বিদেশ সফরে যেতে হয়েছিল তাঁকে, তবে সেটা দুবাইয়ে কোনো শোরুম উদ্বোধনের জন্য নয়। সিঙ্গাপুরে চোখের ডাক্তার দেখাতে। এবারও ক্যাম্প থেকে কয়েক ঘণ্টার জন্য বাইরে বেরিয়েছিলেন। তবে সেটা বিজ্ঞাপন শুটিংয়ের জন্য নয়, মাগুরায় নিজের এলাকার জন্য। ম্যাচের মাঝে এবারও তিনি বড় বড় শিরোনামে। তবে সেটা কোনো আম্পায়ার বা দর্শকের উদ্দেশে অশ্রদ্ধা প্রদর্শনের জন্য নয় বরং গ্যালারির দিকে হাসিমুখে হাত নাড়িয়ে।

এবারের বিপিএলে দেখা সাকিব যেন বড্ড বেশি মন খোলা। চরম পেশাদারিত্বের খোলশ থেকে বেরিয়ে কিছুটা যেন খেয়ালি, কিছুটা যেন সাধারণের সঙ্গে মিশে যাওয়ার প্রয়াসী একজন। ভেতরে-বাইরের কোনো চাপ নেই, মিডিয়ার সঙ্গে তর্কাতর্কি নেই, দল বানানো ও একাদশ সাজানো নিয়ে কোনো কৌশলের কোনো দুশ্চিন্তা নেই– সবকিছু নিয়ে সাকিব যেন এবারের বিপিএলে খুব সুখী একজন। দেড় দশকের ইমেজ ভেঙেই নিজেকে যেন খুঁজে পেয়েছেন তিনি। শান্তিও পাচ্ছেন। কেননা বাঁ চোখের একটা সূক্ষ্ম সমস্যা তাঁকে সেই বিশ্বকাপ থেকে তাড়িয়ে বেড়াচ্ছিল। ক্যামেরার সামনে অনিবার্য সৌজন্যতার কারণে হয়তো কখনও তা স্বীকার করেননি।
তবে ব্যাটে রান না পাওয়া, কিছু ম্যাচে বোল্ড আউট হওয়া– সাকিবকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল। গ্যালারি থেকে ভুয়া ভুয়া … শোনায় তিনি মোটেই অভ্যস্ত ছিলেন না। অনভ্যস্ত ছিলেন ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিং থেকে ছিটকে যাওয়ার মতো ঘটনায়। ফুরিয়ে যাওয়ার একটা অপ্রচ্ছন্ন আতঙ্ক তাঁর চারপাশে চেনা মানুষদের মধ্যেই গেঁথে গিয়েছিল। সেখান থেকে বিপিএলে তাঁর শেষ ছয়টি ইনিংসের ২৪৫ রান যেন নতুন করে বেঁচে থাকার প্রেরণা দিয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
এমনিতেই ক্রিকেটারদের অনেকেই তাঁকে অন্যদের চেয়ে ভাগ্যবান বলে এই কারণে যে, তিনি হয় ব্যাটে রান করবেন, না হয় বোলিংয়ে উইকেট নেবেন। এসবের কিছুও যদি না হয়, তাহলেও অন্তত একটি ভালো ক্যাচ নেবেন। না হয় একটা রানআউট করবেন! তবে চোখের সমস্যাটির কারণে বিপিএলের শুরুতে যেন কিছুই হচ্ছিল না। প্রথম ম্যাচে ২, পরের ম্যাচে বিশ্রাম নিয়ে চোখ দেখাতে সিঙ্গাপুরে ডাক্তারের কাছে যাওয়া, দেশে ফিরে সেই হতাশার ২ রান। পরের দুই ম্যাচে ব্যাটিং অর্ডার পেছাতে পেছাতে তলানিতে। এটা ঠিক যেন, সে সময় উইকেট পাচ্ছিলেন তিনি ধারাবাহিকভাবেই। কিন্তু সাকিবের বিশ্বাস কিছুটা ভিন্ন। ঘনিষ্ঠ কিছু কোচের কাছে সে কথা বলেছেন। ম্যাচে উইকেট শিকার করতে তাঁর খুব বেশি কষ্ট করতে হয় না। সেজন্য তাঁকে বাড়তি অনুশীলন করতে হয় না। শুধু পিচের ভাষা পড়ে নিয়ে আর ব্যাটারের মনস্তাত্ত্বিক ব্যাপারটা বুঝে নিয়ে বোলিং করে যান। কিন্তু ম্যাচের প্রতিটি রানের জন্য তাঁকে কষ্ট করতে হয়। সে কারণে প্রথম পাঁচ ইনিংসে ৪ রান করার পর সবকিছু ভুলে শুধুই ব্যাটিং অনুশীলনে সময় দিতে থাকেন।
যে সাকিবকে আগে সাধারণত ম্যাচের পরের দিন ঐচ্ছিক অনুশীলনে দেখা যেত না, সেই তিনিই কিনা সবার আগে নেটে। নিজ দলের কোচ ছাড়াও প্রয়োজনে অন্য দলের কোচের সঙ্গে পরামর্শ নিয়েছেন নেটে। প্রতিপক্ষের তারকা বোলারদেরও ডেকে নিয়েছেন নেটে। ব্যাপারটি এমন না যে এর আগেও তাঁর ব্যাটে এমন রানখরা যায়নি। তবে এবার চোখের সমস্যার কারণা এমনটা হতে পারে বলে মিডিয়ায় বলাবলি হওয়ার পর তা সত্য রূপে প্রতিষ্ঠা পেতে যাচ্ছিল।
চোখের সমস্যা নিয়ে মুম্বাই, লন্ডন, নিউইয়র্ক ও সিঙ্গাপুর দৌড়াদৌড়ি করা সাকিব নিজেও অনেকটা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। যদিও ক্যামেরার সামনে হাসিমুখে সংবাদকর্মীদের পাল্টা প্রশ্ন করেছিলেন– ‘কে বলেছে, চোখের সমস্যার কারণে আমি খেলতে পারছি না? আমি অন্য অনেকের চেয়ে চশমা ছাড়া ভালো দেখি।’ মনের জোরে বলেছিলেন সেদিন, তবে যেদিন ব্যাটের জোরে ম্যাচে কথা বলেছিলেন, সেদিনই বোধ হয় সত্যিকারের শান্তি পেয়েছিলেন। কোনো দুয়োধ্বনি কিংবা কারও উস্কে দেওয়া ব্যঙ্গাত্মক ভঙ্গি সেই শান্তির বিঘ্ন ঘটাতে পারে না। কারণ, এই সাকিব অনেক বেশি উদার, অনেক বেশি শান্ত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments