ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অনিয়মে জড়িয়ে পড়েছে ৩ সিকিউরিটিজ হাউজ। গ্রাহক হিসাবে ঘাটতিসহ বিভিন্ন অনিয়ম করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ৩ সিকিউরিটিজ হাউজকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জরিমানার তালিকায় ডিএসইর সাবেক পরিচালক খুজিস্তা নূর-ই-নাহরিনের সিকিউরিটিজ হাউজ মডার্ন সিকিউটিজও রয়েছে।

আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিএসইসির ৭৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিকিউরিটিজ হাউসগুলো হচ্ছে- মডার্ন সিকিউরিটিজ, সিলনেট সিকিউরিটিজ ও এমএএইচ সিকিউরিটিজ। এর মধ্যে মডার্ন সিকিউরিটিজকে ৫ লাখ টাকা, সিলনেট সিকিউরিটিজকে ২ লাখ টাকা ও এমএএইচ সিকিউরিটিজকে ১ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।
তথ্যমতে, মডার্ন সিকিউরিটিজে সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি, নিজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধির নামে বিও হিসাব খোলা, কর্মকর্তাদের মার্জিন দেওয়া, নগদ অ্যাকাউন্টে মার্জিন দেওয়া, ব্যালেন্স না থাকার পরেও বিও হিসাব থেকে টাকা পরিশোধের অনিয়ম করেছে। এ কারনে হাউজটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সিলনেট সিকিউরিটিজে সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি, নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মার্জিন দেওয়া, জেড ক্যাটাগরির শেয়ারে মার্জিন প্রদান ও নতুন শেয়ারে মার্জিন দেওয়ার অপরাধে হাউজটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এমএএইচ সিকিউরিটিজে ব্যাক অফিসে গ্রাহকদের তালিকা সঠিকভাবে রক্ষণাবেক্ষন না করা, ব্রোকার ও ডিলার উভয় নামে দুটি বিও হিসাব পরিচালনা, মাসিক নিট ক্যাপিটাল প্রতিবেদন যথাযথভাবে গণনা না করা, অনুমোদিত প্রতিনিধির নামে বিও পরিচালনা করা, ব্যবস্থাপনা পরিচালক ও কর্মচারীর পরিবারের সদস্যদের ঋণ সুবিধা প্রদান, গ্রাহকদের রেশিওর তুলনায় অধিক মার্জিন ঋণ দিয়েছে। তবে এসব অনিয়মের অধিকাংশই সংশোধন করে নিয়েছে। যে কারনে হাউজটিকে ১ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments