মঙ্গলবার, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকঅনন্য উচ্চতায় এরদোয়ান
spot_img
spot_img

অনন্য উচ্চতায় এরদোয়ান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আধুনিক তুরস্কের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা অক্ষুণ্ন রেখেছেন রিসেপ তায়েপ এরদোয়ান।

অভ্যুত্থান আর নানামুখী ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করে দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা, দেশকে বৈশ্বিক রাজনীতির গুরুত্বপূর্ণ স্থানে আসীন করাসহ বিভিন্নভাবে আলোচনায় থেকেছেন অবিসংবাদিত এ নেতা। উচ্চ মূল্যস্ফীতি কিংবা সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পের বিরূপ পরিস্থিতির নানা অভিযোগের মধ্যেও দ্বিতীয় দফা ভোটে এরদোয়ানকেই ফের বেছে নিয়েছেন তুর্কিরা।

এর মাধ্যমে তিনি হয়ে উঠেছেন তুরস্কের সবচেয়ে দীর্ঘমেয়াদি নেতা। উসমানীয় খেলাফত-পরবর্তী তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের পর থেকে দেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক তিনি। রোববার ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে প্রসিডেন্ট হিসেবে জয়ী হওয়ার পরপরই তাঁকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বনেতারা।

আগের নির্বাচনগুলোর চেয়ে এবার ইসলামপন্থি এরদোয়ানকে বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করে জয়ী হতে হয়েছে। ধর্মনিরপেক্ষ, বিরোধী প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু এরদোয়ানের চেয়ে মাত্র ৪ শতাংশ ভোট কম পেয়েছেন।

জয়ের পরই রাজধানী আঙ্কারাসহ দেশজুড়ে বিজয় উদযাপন করেন এরদোয়ান সমর্থকরা। বিপুল সংখ্যক সমর্থক জড়ো হন এরদোয়ানের আঙ্কারার বাসভবনের সামনেও। এ সময় তাঁদের উদ্দেশে এরদোয়ান বলেন, এই জয় পুরো জাতির। এটা গণতন্ত্রের বিজয়। অন্যদিকে, পরাজিত কিলিচদারোগলুর অভিযোগ, নির্বাচনে জয়ী হতে প্রেসিডেন্টের দল তাঁর বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। তিনি প্রকাশ্যে এখনও পরাজয় স্বীকার করেননি। তবে ভোটে কারচুপির কোনো অভিযোগ করেননি।

১৯৫৪ সালে তুরস্কের ইস্তাম্বুলের কাছিমপাশা শহরতলিতে জন্ম এরদোয়ানের। তাঁর বাবা আহমদ এরদোয়ান জাহাজের ক্যাপ্টেন ছিলেন। পাঁচ সহোদরের মধ্যে তিনি তৃতীয়। এরদোয়ান ১৯৯৪ সালে ইস্তাম্বুল শহরের মেয়র হন। সে সময়ই তিনি ধর্মনিরপেক্ষ আধিপত্যকে চ্যালেঞ্জ করে ইসলামী নীতির পথে হাঁটেন। কবিতায় মসজিদকে সেনা ব্যারাকের সঙ্গে তুলনা এবং মিনারগুলোকে ‘আমাদের বেয়নেট’ হিসেবে তুলে ধরায় ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তাঁকে চার মাসের কারাদণ্ডও দেওয়া হয়।

আগের ইসলামী দল নিষিদ্ধ হওয়ার পর একে পার্টি প্রতিষ্ঠা করেন এরদোয়ান। এরপর ২০০২ সালের নির্বাচনে ব্যাপক ভোটে জয়ী হয়ে তুরস্কের প্রধানমন্ত্রী হন তিনি। তাঁর দল ১৯৮৪ সালের পর প্রথমবার তুরস্কের ইতিহাসে একক কোনো দল হিসেবে এবং পরপর চারবার (২০০২, ২০০৭, ২০১১, ২০১৪) সংসদীয় নির্বাচনে জয়ী হয়। এই সময়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সাল থেকে টানা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ এই নেতৃত্বে ২০১৬ সালের জুলাইয়ে সুসংগঠিত সেনা অভ্যুত্থান প্রতিহত করতে হয়েছে এরদোয়ানকে।

জয়ী হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন জানিয়ে বাইডেন টুইটে বলেন, বিশ্ব শান্তি রক্ষায় তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। ন্যাটো সদস্য হিসেবে এরদোয়ানকে তিনি অভিনন্দন জানান। পুতিন বলেন, এরদোয়ানের জয় অবশ্যম্ভাবী ছিল। কারণ, তুরস্ককে দীর্ঘদিন তিনি যোগ্য নেতৃত্ব দিয়েছেন। তিনি রাশিয়ার বন্ধু।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও টুইট করে অভিনন্দন জানান। এরদোয়ানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন বলে উল্লেখ করেন তিনি। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর পক্ষ থেকে এরদোয়ানকে অভিনন্দন জানানো হয়েছে। সৌদি আরব, পাকিস্তান ও ভারতের নেতারাও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, এরদোয়ান জয়ী হওয়ার পর তুর্কি মুদ্রা লিরার রেকর্ড দরপতন হয়েছে। সোমবার তুর্কি মুদ্রা ডলারের বিপরীতে বেড়ে ২০.০১ হয়েছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে শেয়ারবাজারে। এদিন সূচক বেড়েছে ৩.৫ শতাংশ এবং ব্যাংকিং সূচক ১ শতাংশের বেশি বাড়তে দেখা যায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments