ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাকিয়া সুলতানা কর্ণিয়া। তারকা কণ্ঠশিল্পী। নিজস্ব চ্যানেলের পাশাপাশি বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ধারাবাহিকভাবে গান প্রকাশ করে যাচ্ছেন তিনি। টিভি আয়োজন ও স্টেজ শোতে ব্যস্ততা ধরে রেখেছেন। নতুন আয়োজন ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে।

‘কত ভালোবাসি তোমারে’র রেশ কাটতে না কাটতেই ‘প্রেমে পাগল’ শিরোনামে আরেকটি প্রকাশের কারণ কী?
‘কত ভালোবাসি তোমারে’ আর ‘প্রেমে পাগল’ দুটিই ভিন্ন ধরনের গান। এমন নয় যে একটি গান শ্রোতার ভালো লেগেছে, এখন শুনছেন বলে নতুন গান প্রকাশ করা যাবে না। যখন অ্যালবাম প্রকাশ হতো, তখন কিন্তু একসঙ্গে কয়েক রকম গান শোনার সুযোগ থাকত। এখন যেহেতু একক গানই প্রকাশ পায়, তাই কাছাকাছি সময়ে একাধিক গান প্রকাশ পাওয়ায় অবাক হওয়ার কিছু নেই। তবে সবকিছু নির্ভর করে শ্রোতার ভালো লাগার ওপর। তাদের প্রত্যাশা পূরণের জন্যই ধারাবাহিকভাবে গান প্রকাশ করা হয়। গান নিয়ে এক্সপেরিমেন্টও চলে শ্রোতার ভালো লাগার কথা মাথায় রেখেই।
সাম্প্রতিক সময়ে কিছু তরুণ শিল্পীর সঙ্গে দ্বৈত গান গাইতে দেখা গেছে। নতুনদের প্রাধান্য দেওয়ার কারণ?
যাদের সঙ্গে দ্বৈত গান গেয়েছি, সেগুলো শ্রোতার ভালো লাগছে কিনা, সেটাই আসল। এমন তো নয়, নতুন শিল্পীরা ভালো গাইতে পারে না। তা ছাড়া তারকা শিল্পী ছাড়া দ্বৈত গান গাইব না, এ কথা বলিনি। কেউ যদি ভালো গায়, তাহলে সে নবীন নাকি তারকা– সেটা আসলে দেখার প্রয়োজন পড়ে না। সহশিল্পীকে তারকা হতেই হবে– এ ভাবনা নিয়েও কখনও গান করি না।
কণ্ঠশিল্পীর পাশাপাশি মডেল বা অভিনেত্রী হিসেবে আপনাকে দেখা যাবে কি?
সে সম্ভাবনা নেই বললেই চলে। এটা সত্যি যে, বিভিন্ন পত্রিকার ফ্যাশন পাতার জন্য মডেল হিসেবে কাজ করেছি। সেটাও তাদের অনুরোধে। মডেল হবো– এমন ইচ্ছা নিয়ে কাজ করিনি। অভিনয় নিয়েও কিছু ভাবি না। তাই শখে যা কিছুই করি, পরিচয় একটাই– কণ্ঠশিল্পী। অন্য কোনো পরিচয়ে পরিচিত হতে চাই না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.






























Recent Comments