ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ লাখ টাকা।
রোববার (৩০ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের একই সময়ে অর্থাৎ ১ থেকে ২৯ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার।
এবার একই সময়ে এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৪৮ কোটি ৭০ লাখ ডলার বা ২২ দশমিক ৩০ শতাংশ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪৬৬ কোটি ডলার।
অর্থাৎ, এক বছরের ব্যবধানে অর্থবছরের শুরু থেকে ২৯ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ৮৬ কোটি ৭০ লাখ ডলার বা ১৮ দশমিক ৬ শতাংশ।
ব্যাংকারদের মতে, বৈধ পথে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় দেশে প্রবাসী আয় বাড়ছে। তাদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে দেশে প্রবাসী আয়ের প্রবাহ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments