ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কয়লার দাম নিয়ে মতপার্থক্যের মধ্যেই আদানি পাওয়ারের বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ। গত মাসে ভারতের কোম্পানিটির বকেয়া ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে। সরকার বলছে, বিদ্যুৎ আমদানির মূল্য পরিশোধের পাশাপাশি কয়লার দাম নিয়ে আলোচনা ও দরকষাকষি অব্যাহত থাকবে।
আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে ২০১৭ সালের ৫ নভেম্বর চুক্তি করে বাংলাদেশ। ২৫ বছর মেয়াদি ওই চুক্তির আওতায় বাংলাদেশকে বিদ্যুৎ দিতে ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় ২০০ কোটি ডলার ব্যয়ে ১ হাজার ৬০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে আদানি পাওয়ার। কেন্দ্রটি থেকে গতকাল বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ ১ হাজার ৪৩৮ মেগাওয়াট বিদ্যুৎ পায়।
ভারতীয় গণমাধ্যম পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, গত জুনে ভারতের এ কোম্পানিকে ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ, যা এককালীন সর্বোচ্চ পরিশোধ। নয়াদিল্লির সূত্রের বরাত দিয়ে বলা হয়, এখন বাংলাদেশের আর কোনো বকেয়া নেই, বরং দুই মাসের বিলের সমপরিমাণ এলসি এবং সব বকেয়ার জন্য সার্বভৌম গ্যারান্টিও বাংলাদেশ দিয়ে রেখেছে। পাওনা-সংক্রান্ত ঝামেলা না থাকায় আদানি পাওয়ারকে তাদের ঝাড়খণ্ড কেন্দ্রের দুটি ইউনিট থেকেই নির্ধারিত হারে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি।
ভারতের আরেক সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত তিন-চার মাস ধরে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে পরিশোধ করেছে বাংলাদেশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments