ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অনেক বছর ধরে বন্ধ রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের কার্যক্রম। তাই ডিভিডেন্ড পাওয়াতো দূরের কথা ওটিসিতে থাকার কারণে বিনিয়োগকারীদের অনেক টাকা এ কোম্পানিতে আটকে রয়েছে। অন্যদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কোম্পানিটির ৮টি বিমান বাজেয়াপ্ত করে নিলামে উঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আর কোম্পানির সম্পদ বিক্রির মাধ্যমে পাওনাদার ও বিনিয়োগকারীরা টাকা ফেরত পাবেন বলে জানা গেছে।

এ ব্যাপারে শাহজালাল বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানিয়েছেন, এই উড়োজাহাজগুলো দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে পড়ে আছে এবং বহু আগেই তাদের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। এছাড়াও বহু বছরের বকেয়া জমে গেছে এবং পড়ে থাকার কারণে কার্গো অপারেশনে যেমন সমস্যা হচ্ছে, তেমনি রাজস্ব আদায় প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে উড়োজাহাজগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোতে একাধিকবার চিঠি দিলেও তারা কোনো উদ্যোগ নেয়নি বলে জানান তিনি।
তৌহিদ আরো বলেন, সেজন্যই উড়োজাহাজগুলো বেবিচকের আইন অনুযায়ী বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়া শেষ হলে সেগুলো যথাযথ আইন অনুযায়ী নিলামে তোলা হবে।
জানা যায়, নিলামে ইউনাইটেড এয়ারওয়েজের বিক্রিকৃত বিমানের টাকা কিভাবে বন্টন হবে সেটির দায়িত্বে থাকবেন কোম্পানির বর্তমান স্বাধীন পরিচালনা পর্ষদ। ইতিমধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের বিষয়ে যেকোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়োগকৃত স্বাধীন পরিচালকের সঙ্গে বেবিচক যেন যোগাযোগ করে সে বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। তাই ইউনাইটেড এয়ারওয়েজের বিমান নিলামের ক্ষেত্রে কাজ করবেন বর্তমান পর্ষদ। আর নিলাম থেকে প্রাপ্ত টাকা পাওনাদারদের টাকা পরিশোধের পর তা বিনিয়োগকারীরা পাবেন সেটাই স্বাভাবিক। তাই দীর্ঘদিন শেয়ার নিয়ে আটকে থাকা ইউনাইটেড এয়ারওয়েজের বিনিয়োগকারীদের জন্য এটি মন্দের ভালো বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি



























Recent Comments