ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শ্রমিক অসন্তোষের কারণে গত ২৩ জুন কারখানা বন্ধের (লে-অফ) সিদ্ধান্ত নিয়েছিল এপেক্স স্পিনিং কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় গত ২৭ জুন উৎপাদনে ফিরেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, এপেক্স স্পিনিংয়ের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে গঠনমূলক আলোচনার পর উদ্ভূত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে এবং প্রতিষ্ঠানে অনুকূল কর্মপরিবেশ পুনরায় নিশ্চিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ জুন প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পর্ষদ বা ম্যানেজমেন্ট।
এর আগে গত ২৩ জুন দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানির পরিচালনা পর্ষদ মৌখিকভাবে কারখানা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছিল।
কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছিল, কারখানা প্রাঙ্গণে চলমান শ্রমিক অসন্তোষের কারণে কর্মচারী ও শ্রমিকদের লে-অফ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তে কারখানার মোট ৫ হাজার কর্মচারী ও শ্রমিক লে-অফের আওতায় পড়বেন। চাকরি-সংক্রান্ত সুযোগ-সুবিধা নিয়ে শ্রমিকদের অবৈধ ও অযৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে সৃষ্ট শ্রমিক অসন্তোষই এই সিদ্ধান্তের মূল কারণ ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments