ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বে অব বেঙ্গল গত ৭ ফেব্রুয়ারি প্রকাশ করেছিল তাদের ‘দ্বিতীয়’ অ্যালবামের চতুর্থ গান ‘গন্ধ খুঁজে পাই’। প্রকাশের পর রকপ্রেমীদের মাঝে আলোড়ন তোলে গানটি। অনেকের দাবি, গানটি বে অব বেঙ্গলের এক অনবদ্য সৃষ্টি, যা দীর্ঘদিন শ্রোতা হৃদয়ে অনুরণন তুলে যাবে। এ গান প্রকাশের পর থেকেই এই ব্যান্ডের নতুন আয়োজনের জন্য প্রহর গুনছিলেন শ্রোতারা।
সেসব শ্রোতার কথা মাথায় রেখে আরেকটি ভিন্ন ধাঁচের গান করছেন ব্যান্ডটির সদস্যরা। শিরোনাম ‘পুতুল’। এটি তাদের ‘দ্বিতীয়’ অ্যালবামের পঞ্চম গান।
বৃহস্পতিবার রাতে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। গানের কথা লেখার পাশাপাশি সংগীত প্রযোজনা করেছেন ব্যান্ডের লিড গিটারিস্ট ও কণ্ঠশিল্পী বখতিয়ার হোসেন।
সম্মিলিতভাবে গানের আয়োজন করেছেন ব্যান্ডের গিটারিস্ট রকিবুল নিপু, বেইজ গিটারিস্ট এহতেশাম আবিদ, কি-বোর্ডিস্ট জমিলুর রহমান জিমি ও ড্রামার আবিদ পাশা। গানের কোরাস অংশে কণ্ঠ দিয়েছেন সারওয়া, ঈদ ও আলেনা।
নতুন এ আয়োজন নিয়ে এহতেশাম আবিদ বলেন, ‘সংগীতের তৃষ্ণা থেকেই সৃষ্টি নেশায় মেতে উঠেছিলাম আমরা। সেই সূত্রেই একটি-দুটি করে গান তৈরির মধ্য দিয়ে শ্রোতাদের সঙ্গে মনের সংযোগ ঘটেছে। তৈরি হয়েছে নতুন গানের প্রত্যাশা, যা পূরণ করা আমাদেরই দায়িত্ব। সে কারণে আগের আয়োজনগুলো ছাপিয়ে আরও ভিন্ন ধাঁচের গান তৈরির চেষ্টা। যার সুবাদে ‘পুতুল’ গানের জন্ম। গানটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments