ডেইলি শেয়ারবাজারে ডেস্ক: এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০টি কোম্পানির শেয়ার ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।
অবরুদ্ধ সম্পদের মধ্যে সিঙ্গাপুরে সাইফুল আলমের ৪০টি ব্যাংক হিসাব, তার স্ত্রী ফারজানা পারভীনের ছয়টি ব্যাংক হিসাব এবং সিঙ্গাপুরে তাদের নামে থাকা আটটি কোম্পানির শেয়ার, ছেলে আশরাফুল আলমের সাতটি ব্যাংক হিসাব ও একটি কোম্পানির শেয়ার, ছেলে আহসানুল আলমের সাতটি ব্যাংক হিসাব ও একটি কোম্পানির শেয়ার, ছেলে আসাদুল আলম মাহির একটি ব্যাংক হিসাব, তার শ্যালক আহমেদ বেলালের দুটি ব্যাংক হিসাব ও বোন মাইমুনা খানমের একটি ব্যাংক হিসাব রয়েছে।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব সম্পদ ফ্রিজ আদেশ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত পরিবার অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জিত অর্থ বিদেশে পাচার করে এসব সম্পদ অর্জন করেছেন। এসব অর্থ যাতে স্থানান্তর বা নষ্ট না হয়, সে জন্য ফ্রিজ আদেশ হওয়া প্রয়োজন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments