ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকমহলে পাল্লা দিয়ে বাড়ছে আগ্রহের পারদ। প্রি-রিলিজ ইভেন্টের পর ভারতের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ছবিটির আগাম বুকিং তাক লাগানোর মতো। আন্তর্জাতিক ক্ষেত্রেও বক্স অফিসে ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে পৌরাণিক কাহিনিনির্ভর কল্পবিজ্ঞানভিত্তিক এ ছবিটি উত্তর আমেরিকায় রেকর্ড সৃষ্টি করেছে। প্রথম দিনের টিকিট বিক্রির ক্ষেত্রে নজর কেড়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’।

অস্ট্রেলিয়ায় প্রথম দিনের টিকিট বিক্রিতেও আগে মুক্তি পাওয়া ভারতীয় অন্য যে কোনো ছবিকে পেছনে ফেলে মুক্তির আগেই এ ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ ছবির ভিএফএক্স ইতোমধ্যে তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের। যে ধরনের প্রযুক্তি এ সিনেমার শুটিংয়ে ব্যবহার করা হয়েছে, তা ভারতীয় খুব কম সিনেমায় দেখা গেছে বলে অনেকের ধারণা।
‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার মারকাটারি অ্যাকশনের ঝলক দেখেই ভক্তদের চোখ কপালে উঠেছে। ট্রেলারের শুরুতেই দেখা যায় কাশির; যা পৃথিবীর প্রথম এবং শেষ শহর হিসেবে বর্ণিত। দুষ্ট শাসক শাশ্বত চট্টোপাধ্যায় শহরজুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। জনতাকে তার নাগপাশ থেকে উদ্ধারের জন্য ঈশ্বরের পৃথিবীতে আসা কার্যত নিশ্চিত।
অশ্বত্থামারূপী অমিতাভ বচ্চনের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, দীপিকা পাড়ুকোনের চরিত্র সুমতির গর্ভেই জন্ম নেবেন ঈশ্বর। তাই খলনায়ক শাশ্বত ও তার সেনা গর্ভের সন্তানসহ সুমতিকে হত্যা করতে উদ্যোগী হয়। অন্যদিকে, সুমতিকে রক্ষার দায়িত্বে থাকবেন অশ্বত্থামা। ট্রেলারে প্রভাসকে ভৈরবের চরিত্রে দেখা যায়।
শাশ্বতের সামনে দাঁড়িয়ে বীরদর্পে তিনি ঘোষণা করেন, ‘আমি ছাড়া তাকে কেউ তোমার সামনে আনতে পারবে না।’ ট্রেলারের শেষদিকে টাক মাথার এক ব্যক্তিকে নতুন যুগের ঘোষণা করতে দেখা যায়। তিনি আর কেউ নন, দক্ষিণী সুপারস্টার কমল হাসান। কৃত্রিম মেকআপে একদম অচেনা অবতারে সিনেমাটিতে ধরা দেবেন তিনি। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এ ছবিতে ‘কল্কি’কে ভগবান বিষ্ণুর দশম বা শেষ অবতার বলে মনে করা হয়। যখন কলিযুগ শেষ হবে, ধর্ম ভুগবে এবং অশুভ শক্তির আধিপত্য শুরু হবে, তখন ‘কল্কি’ আসবে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে নতুন যুগের সূচনা করবে।
ছবিটির শিরোনাম নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে ‘প্রোজেক্ট কে’ নাম বদল করে রাখা হয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’। বড় বাজেটের এ ছবিতে ভারতের দক্ষিণী চিত্রজগতের সঙ্গে মেলবন্ধন ঘটেছে বলিউডের। প্রভাস, কমল হাসানের মতো দক্ষিণী তারকা; দীপিকা পাড়ুকোন ও দিশা পাটানির মতো বলি অভিনেত্রী এবং বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাবে এ ছবিতে। তবে সবাইকে ছাপিয়ে গেছেন বলিউডের শাহানশাহ অমিতাভ বচ্চন। বয়স যে কোনো বাধা মানে না, তা আশির গণ্ডি পার করা ‘বিগ বি’ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন এ ছবিতে।
এ ছাড়া হৃতিক রোশন, চিরঞ্জীবী, মহেশ বাবু, সুরিয়া, কিয়ারা আদভানি, কাজল আগরওয়াল, ম্রুণাল ঠাকুরের মতো ভারতীয় একঝাঁক তারকাকে ক্যামিও চরিত্রে একঝলক দেখা যাবে এ সিনেমায়। তেলেগু ভাষার পাশাপাশি তামিল, মালায়লাম, কন্নড়, হিন্দি এবং ইংরেজি– মোট ছয়টি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকরা অধীর আগ্রহে সিনেমাটি মুক্তির দিনক্ষণের অপেক্ষায় রয়েছেন। বৈজয়ন্তী মুভিজের ব্যানারে নির্মিত ২ ঘণ্টা ৫০ মিনিট ব্যাপ্তির ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পাবে আজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments