
ডেইলী শেয়ারবাজার ডেস্ক:
কুমিল্লা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. আবু তাহের ভূঁইয়া (ভিপি তাহের) করোনা উপসর্গ নিয়ে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি জেলার চান্দিনা উপজেলার জোয়াগ গ্রামের হাজী মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার ছেলে এবং কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা। মরহুম অ্যাডভোকেট আবু তাহের ভূঁইয়ার নিকটাত্মীয় অ্যাডভোকেট মো. আইয়ুব বিষয়টি নিশ্চিত করেন। এদিকে তাঁর মৃত্যুর খবর কুমিল্লা শহর ও জেলার চান্দিনায় জানাজানি হলে সুহৃদ-শুভাকাঙ্খী ও স্বজনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
তিনি আরও জানান, ‘অ্যাডভোকেট আবু তাহের ভূঁইয়া (৫৮) দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও হৃদরোগে ভূগছিলেন। কিছুদিন আগে তার জ্বর হয়। এতে গত রবিবার (২১ জুন) তাঁকে ঢাকার পান্থপথ এলাকার নিউ লাইফ হসপিটালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তাঁর করোনা উপসর্গের চিকিৎসা দেয়া হয়। কিন্তু ধীরে ধীরে অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে আইসিইউতে রাখা হয়।
বিকালে নিজ বাড়ি চান্দিনার জোয়াগ গ্রামে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। করোনায় মৃতদের দাফনকারী কুমিল্লা নগরীর ‘বিবেক’ নামের একটি মানবিক সংগঠনের প্রধান ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে সদস্যরা নিয়মবিধি অনুসরণ করে তাঁকে দাফনের সার্বিক দায়িত্ব পালন করেন।’ এদিকে তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুম আবু তাহের ভূঁইয়া ছাত্রজীবনে চান্দিনার দোল্লাই নোয়াবপুর কলেজ ছাত্র-ছাত্রী সংসদের ভিপি ছিলেন। পরবর্তীতে কুমিল্লা জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরে চান্দিনা উপজেলা ও কুমিল্লা জেলা যুবলীগসহ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি চান্দিনা আইনজীবী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক ছিলেন।
































Recent Comments