ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজার বা কসপি সূচকে রেকর্ড গতি ও মারাত্মক ওঠানামা সত্ত্বে বাজারে স্থায়ী ও দীর্ঘমেয়াদী মূলধন বা ‘লং মানি’র চরম ঘাটতি দেখা দিয়েছে। প্রেসিডেন্ট লি জে-মিউং গত বছরের জুনে দায়িত্ব নেওয়ার পর কসপি সূচক ২,০০০ থেকে ৫,০০০ পয়েন্টে নিয়ে যাওয়ার লক্ষ্য ঘোষণা করেছিলেন, যা প্রাথমিক পর্যায়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) খাতের বৈশ্বিক উত্থানের কারণে সফলও হয়।
কোরিয়ান সেমিকন্ডাক্টর জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্স-এর শেয়ারের ওপর ভর করে কসপি সূচক গত বছরের শেষভাগ থেকে নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়ে চলতি বছরের ২২ জুন রেকর্ড ৯,১১৪.৫৫ পয়েন্টে পৌঁছায়। তবে দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক বিনিয়োগের অভাব এবং বিদেশি বিনিয়োগকারীদের হঠাৎ শেয়ার বিক্রির কারণে আগস্টের মাঝামাঝি সময়ে এসে এই সূচক কমে ৬,২০০ পয়েন্টের ঘরে নেমে এসেছে, যা কোরিয়ান পুঁজিবাজারের ইতিহাসে অন্যতম এক তীব্র অস্থিরতার সৃষ্টি করেছে।
কোরিয়া কর্পোরেট গভর্নেন্স ফোরামের তথ্য অনুযায়ী, মার্কিন শেয়ারবাজারে এক দশক আগে বিনিয়োগ করা ১০০ মিলিয়ন ওন ২০২৪ সালে বেড়ে ৩৪০ মিলিয়ন ওন হলেও একই সময়ে কোরিয়ান বাজারে তা হয়েছিল মাত্র ১৬০ মিলিয়ন ওন। তথাকথিত ‘কোরিয়া ডিসকাউন্ট’ কাটাতে সরকার বিভিন্ন সংস্কার উদ্যোগ নিলেও বাজারে টেকসই ও স্থির মূলধনের আগমন ঘটেনি। উল্টো এআই খাতের দ্রুত মুনাফা লাভের আসায় বাজারে ব্যাপক মাত্রায় শর্ট-টার্ম বা ‘ফাস্ট মানি’র আধিপত্য তৈরি হয়েছে। এমনকি সরকার কর্তৃক স্যামসাং ও এসকে হাইনিক্স-এর একক শেয়ারভিত্তিক লিভারেজড ইটিএফ চালুর উদ্যোগও বাজারে অনুাটক বা ফাটকাবাজি বিনিয়োগকে উৎসাহিত করেছে। একদিনে কসপি সূচক ১৭ শতাংশ বৃদ্ধি থেকে ৯ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, যা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্কের জন্ম দিয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদী মূলধনের অনুপস্থিতি কোরিয়ান শেয়ারবাজারকে একটি স্থায়ী এবং স্থিতিশীল অবস্থানে পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্বল্পমেয়াদী ফটকাবাজির কারণে শেয়ার বাজারে চরম অস্থিরতা তৈরি হওয়ায় বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে তহবিল ধরে রাখতে অনিচ্ছা প্রকাশ করছেন।
সরকারের নীতিগত উদ্যোগগুলো যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিবেশ তৈরি করতে না পারে এবং দ্রুত মুনাফা কামানোর ঝুঁকিপূর্ণ প্রবণতা অব্যাহত থাকে, তবে আন্তর্জাতিক বাজারে কোরিয়ান ইক্যুইটি মার্কেটের মর্যাদা ও সাধারণ বিনিয়োগকারীদের আস্থা উভয়ই বড় ধরনের ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছেন বাজার বিশেষজ্ঞরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments