
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিনিয়োগকারীদের অবণ্টিত লভ্যাংশ ও বিতরণ না হওয়া বোনাস লভ্যাংশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে জমা দেওয়ার জন্য কয়েক দফায় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে অনেক কোম্পানি সে নির্দেশনা পরিপালন করেনি। যে কারণে এবার সরাসরি অ্যাকশনে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। আগামী ১০ জুনের মধ্যে অবণ্টিত লভ্যাংশ স্থিতিশীল তহবিলে স্থানান্তর না করলে সিএমএসএফ ঐসব বিও অ্যাকাউন্ট নিজেদের হেফাজতে নিয়ে ব্লকড করে দেবে। পরবর্তীতে কমিশনের অনুমোদন ছাড়া সেই বিও অ্যাকাউন্ট আর চালু করা যাবে না।
আজ ৫ জুন বিএসইসির সহকারী পরিচালক মোহাম্মদ মিনহাজ বিন সেলিমের স্বাক্ষরে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ১০ জুনের মধ্যে অবণ্টিত লভ্যাংশ স্থিতিশীল তহবিলের ব্যাংক ও বিও হিসাবে জমা না দিলে সিকিউরিটিজ আইন পরিপালন না করার জন্য নন-কমপ্লায়েন্স হিসেবে বিবেচিত হবে। এছাড়া এ নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
কোম্পানিগুলোর পাশাপাশি এই সংক্রান্ত চিঠি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চিফ অব অপারেশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালককে দেওয়া হয়েছে।
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, ইতোপূর্বে এ বিষয়ে কমিশন কর্তৃক একাধিক চিঠি পাঠানো হয়েছে। বিএসইসির ওই নির্দেশনা অনুযায়ী আপনাদের ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে নগদ ও স্টক বা বোনাস লভ্যাংশ বা যেকোন তহবিল বা অবণ্টিত শেয়ার বা অমীমাংসিত বা অনাকাঙ্ক্ষিত দাবিহীন বা ফেরত না হওয়া পাবলিক সাবস্ক্রিপশনের অর্থ হস্তান্তর করার কথা ছিল।
ইতোমধ্যে দেখা যাচ্ছে যে, কিছু কোম্পানি নির্ধারিত সময়সীমার মধ্যে উল্লেখিত বিধি এবং কমিশনের নির্দেশের বিধান অনুযায়ী অবণ্টিত নগদ ও স্টক বা বোনাস শেয়ার হস্তান্তর সম্পন্ন করেনি। তাই ওই কোম্পানিগুলোকে তাদের অবণ্টিত লভ্যাংশ আগামী ১০ জুনের মধ্যে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের ব্যাংক ও বিও হিসাবে স্থানান্তর করার জন্য নির্দেশ দেওয়া হলো। আর এ নির্দেশনা পরিপালনে ব্যর্থ হলে আর্থিক জরিমানাসহ সিকিউরিটিজ আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড পরিচালনার জন্য ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড রুলস, ২০২১’ বিএসইসি প্রণয়ন করেছে। গত বছরের ২৭ জুন রুলসটি গেজেট আকারে প্রকাশ করা হয়। সে অনুযায়ী, ফান্ডটি ব্যবস্থাপনার জন্য ১১ সদস্যের বোর্ড অব গভর্নস রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.





















Recent Comments