ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গানের ভুবনে পথচলার চার দশক পূর্ণ করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ওয়ারফেইজ। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন এর সদস্যরা। সেই আয়োজনের তালিকায় থাকছে দেশ-বিদেশে কনসার্ট, নতুন গান, অ্যালবামসহ আরও বেশ কিছু প্রকাশনা।

এ নিয়ে ব্যান্ডের দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, “ক’দিন পর ওয়ারফেইজ ৪০ বছরের মাইফলক স্পর্শ করতে যাচ্ছে– এটা ভাবলেই অন্যরকম এক ভালো লাগায় মনটা ছেয়ে যাচ্ছে। এটা একদিক থেকে যেমন আনন্দের, তেমনই বিস্ময়েরও। কেননা, সংগীতের মান ধরে রেখে এতটা পথ পাড়ি দেওয়া মোটেও সহজ নয়। বিশেষ করে যে দেশে ব্যান্ড সংগীতের প্রতিষ্ঠার জন্য একটা সময় রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। নিরীক্ষা আর অনবদ্য আয়োজন দিয়েই দেশীয় ব্যান্ডগুলো শ্রোতার মনে জায়গা করে নিয়েছে। আর ওয়েরফেইজ হাতেগোনা সেই কয়েকটি ব্যান্ডের একটি যেটি চার দশকের দীর্ঘ সফর অব্যাহত রাখতে পেরেছে। আমরা কৃতজ্ঞ সেই সব ভক্ত-শ্রোতার কাছে, যাদের ভালোবাসা আমাদের এতটা পথ পাড়ি দেওয়ার প্রেরণা জুগিয়েছে।
ওয়ারফেইজ সদস্যরা আরও জানান, আগামী জুন মাস থেকে শুরু হবে তাদের চার দশক পূর্তির আয়োজন। যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশের বিভিন্ন শহরে কনসার্ট করবে ব্যান্ডটি। পাশাপাশি দেশেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মাইফলক স্পর্শের মুহূর্তটি স্মরণীয় করে রাখতে চান তারা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments