বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিজাতীয় গ্রিডে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেড়েছে
spot_img
spot_img

জাতীয় গ্রিডে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেড়েছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাগেরহাটের রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র। পূর্ণ সক্ষমতায় উৎপাদন এবং দেশীয় প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতার কারণে কেন্দ্রটি বর্তমানে ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী, গেল ১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ২৫ দিনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৬৪ কোটি ৩৬ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। ১ হাজার ৩২০ মেগাওয়াট স্থাপিত ক্ষমতার কেন্দ্রটি এ সময়ে গড়ে ১ হাজার ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেছে। বিদ্যুতের বর্তমান চাহিদার বিবেচনায় এই উৎপাদনকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে গত জুন মাসে কেন্দ্রটি মোট ৮২ কোটি ৭৩ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে। ওই মাসে কেন্দ্রটির গড় উৎপাদন ছিল ১ হাজার ১৪৯ মেগাওয়াট। ধারাবাহিকভাবে উচ্চমাত্রায় উৎপাদন ধরে রাখতে পারায় জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর পাশাপাশি বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় রামপাল একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে ভূমিকা রাখছে।

কেন্দ্রটির কার্যক্রম পর্যালোচনায় দেখা গেছে, পরিবেশের ভারসাম্য বজায় রেখে ধারাবাহিকভাবে বিদ্যুৎ উৎপাদন করাই বর্তমানে অন্যতম বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপব্যবস্থাপক খাঁন নোমান শিবলী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিদ্যুৎ সরবরাহ নিয়ে সাধারণ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ থাকলেও রামপাল কেন্দ্রের সাম্প্রতিক ধারাবাহিক উৎপাদন সেই পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিদ্যুৎ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের মতে, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র যদি এভাবেই পূর্ণ সক্ষমতায় উৎপাদন অব্যাহত রাখতে পারে, তাহলে লোডশেডিং কমানোর ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সেবা খাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখাও সহজ হবে। উৎপাদন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা এবং প্রয়োজনীয় কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করাকে গুরুত্ব দিতে হবে।

প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি জনবল ব্যবস্থাপনাতেও রামপাল বিদ্যুৎকেন্দ্র নতুন অবস্থানে পৌঁছেছে। কেন্দ্রটির মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, বর্তমানে মূলত বাংলাদেশি প্রকৌশলীদের দক্ষতায় কেন্দ্রটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, এর আগে ভারতীয় প্রকৌশলীরা যে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দিয়েছিলেন, দেশীয় প্রকৌশলীরা তা যথাযথভাবে আত্মস্থ করেছেন। ফলে এখন তারাই দক্ষতার সঙ্গে কেন্দ্রটির পরিচালনাগত দায়িত্ব পালন করছেন।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী জানান, জাতীয় গ্রিডের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবেশগত মানদণ্ড বজায় রেখেই ভবিষ্যতেও উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে।

তিনি আরও জানান, কেন্দ্রটির নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে যান্ত্রিক ত্রুটি কিংবা সরবরাহ ব্যবস্থার কোনো ধরনের বিঘ্নের কারণে যাতে উৎপাদন ব্যাহত না হয়, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ধারাবাহিক উৎপাদন শুধু বর্তমান বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়ক নয়, দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে। কেন্দ্রটির সক্ষমতা এবং দেশীয় প্রকৌশলীদের দক্ষতা বড় ধরনের জাতীয় চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখার সক্ষমতা তুলে ধরছে।

আগামী দিনে বিদ্যুৎ খাতের ওপর চাপ কমাতে রামপাল কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ধরে রাখার পাশাপাশি রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রটি ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারলে দেশের বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা পূরণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি স্বাভাবিক রাখায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments