ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি জুন মাসের প্রথম তিন দিনে দেশে এসেছে ৪৮৩ দশমিক ০৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স। তবে গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ প্রায় ২০ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান রেমিট্যান্স ও ডলার ক্রয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনের প্রথম তিন দিনে আসা মোট ৪৮৩ দশমিক ০৫ মিলিয়ন ডলারের মধ্যে শুধু ৩ জুন এক দিনেই এসেছে ১১৬ দশমিক ৩১ মিলিয়ন ডলার।
অন্যদিকে, গত বছরের একই সময়ে (১-৩ জুন ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ৬০৩ দশমিক ৫১ মিলিয়ন ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ১৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে।
তবে জুনের শুরুতে কিছুটা ধীরগতি থাকলেও সামগ্রিকভাবে ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। চলতি অর্থবছরের ১ জুলাই ২০২৫ থেকে ৩ জুন ২০২৬ পর্যন্ত দেশে মোট ৩৩ দশমিক ২৪ বিলিয়ন (৩,৩২৪ কোটি) ডলার রেমিট্যান্স এসেছে।
আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৮ দশমিক ১১ বিলিয়ন ডলার। ফলে বিদায়ী অর্থবছরের তুলনায় এবার রেমিট্যান্সে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ২৫ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম



























Recent Comments