ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গ্যাস-বিদ্যুতের সংকট, শ্রমিক অসন্তোষ, ব্যাংকিং জটিলতা এবং যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে অনিশ্চয়তা-সব মিলিয়ে গত বছর দেশের শিল্পখাতের জন্য ছিল কঠিন সময়। তবে এসব প্রতিকূলতার মধ্যেও স্বস্তির খবর এসেছে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডবলিউটিও) সর্বশেষ প্রতিবেদনে।
ডবলিউটিওর ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এই আয় ভিয়েতনামের তুলনায় প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। ফলে ভিয়েতনামকে পিছনে ফেলে দ্বিতীয় অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, চীনের বাজার অংশীদারিত্ব এতটাই বড় যে অন্য দেশগুলো সেই অনুপাতে বাড়তে পারেনি। এ কারণেই বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। তিনি বলেন, চীনের রপ্তানি যেখানে ১৫৫-১৫৭ বিলিয়ন ডলারের মধ্যে, সেখানে বাংলাদেশের রপ্তানি প্রায় ৩৮ বিলিয়ন ডলার। ফলে প্রথম ও দ্বিতীয় অবস্থানের ব্যবধান এখনও অনেক বড়।
তবে বছর ব্যবধানে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ছিল প্রায় ১ শতাংশ, অন্যদিকে ভিয়েতনামের প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ। এ প্রবণতা ভবিষ্যতের জন্য প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, ভিয়েতনাম খুব দ্রুত এগিয়ে আসছে। পাশাপাশি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাও গুরুত্বপূর্ণ প্রতিযোগী। কম্বোডিয়াও ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করছে। তাই বাংলাদেশের বর্তমান দ্বিতীয় অবস্থান ধরে রাখতে হলে উৎপাদনে অটোমেশন ও প্রযুক্তিনির্ভরতা বাড়াতে হবে।
মহিউদ্দিন রুবেল আরও বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের তৈরি পোশাক খাতের বড় একটি অংশের কাঁচামাল ও সরবরাহব্যবস্থা এখনও চীনের ওপর নির্ভরশীল। মূল পার্থক্য তৈরি হয় শ্রম ব্যয় ও উৎপাদন ব্যবস্থাপনায়।
ডবলিউটিওর তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে এখনও শীর্ষ অবস্থানে রয়েছে চীন। বাংলাদেশের পর তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম, চতুর্থ ভারত এবং পঞ্চম তুরস্ক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments