
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনক পদের নির্বাচনে আহমেদ রশিদ লালীকে হারিয়ে বিজয়ী হয়েছেন শহীদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেড-এর শেয়ারহোল্ডার প্রতিনিধি শরীফ আনোয়ার হোসেন। আজ ২৬ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর পরিচালনা পর্ষদের ১টি শেয়ারহোল্ডার পরিচালক পদে নির্বাচন সম্পন্ন হয়। প্রার্থী এবং ভোটারদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে ভোট গ্রহণ সকাল ১০.০০ ঘটিকায় ডিএসই‘র নিকুঞ্চ কার্যালয়ে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের সদস্য জনাব হারুনুর রশিদ ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদ ও সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। নির্বাচনে ২৫৯ জন ভোটারের মধ্যে ১৭৪ জন ভোটার ভোট প্রদান করেন।
প্রাপ্ত ভোটের ভিত্তিতে মোঃ শহীদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেড-এর শেয়ারহোল্ডার প্রতিনিধি শরীফ আনোয়ার হোসেন ২৭ কোটি ৬০ লক্ষ ৬০ হাজার ০৩২ ভোট এবং রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেড এর শেয়ারহোল্ডার প্রতিনিধি আহমদ রশিদ ২১ কোটি ৬৬ লক্ষ ৩২ হাজার ১৩৪ ভোট পান। প্রাপ্ত ভোটের ভিত্তিতে মোঃ শহীদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেড-এর শেয়ারহোল্ডার প্রতিনিধি শরীফ আনোয়ার হোসেন ‘ডিএসই শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচন ২০২১’ এ বিজয়ী হন।
ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক পদে নির্বাচন পরিচালনার জন্য ১৭ নভেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ (তিন) সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়৷ নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম এবং হারুনুর রশিদ৷
নির্বাচন কমিশন একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ২৪ নভেম্বর ২০২১ তারিখে নির্বাচনী তফসীল ঘোষণা করেন৷ নির্বাচনী তফসীল অনুসারে ০৯ ডিসেম্বর ২০২১ তারিখ ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ এবং ১৫ ডিসেম্বর ২০২১ তারিখ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন৷ উক্ত সময়ের মধ্যে মোঃ শহীদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেড-এর শেয়ারহোল্ডার প্রতিনিধি শরীফ আনোয়ার হোসেন এবং রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেড এর শেয়ারহোল্ডার প্রতিনিধি আহমদ রশিদ তাদের মনোনয়ন পত্র দাখিল করেন৷
শরীফ আনোয়ার হোসেন
শরীফ আনোয়ার হোসেন পুঁজিবাজারের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি মোঃ শহীদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক৷ জনাব হোসেন ১৯৮৪ সাল থেকে পুঁজিবাজারের সাথে যুক্ত হন৷ তিনি ২০১৩ সালে প্রথমবারের মতো ডিএসই’র পরিচালক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে ডিমিউচুয়ালাইজড ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ডিএসই ট্রেক হোল্ডারস ক্লাবের (প্রাক্তন মেম্বার্স ক্লাব) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জানুয়ারি ২০২০ থেকে ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments