ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে।
মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘বিপিএম-৬’ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ২১৬ দশমিক ১৫ মিলিয়ন ডলার।
এর আগে ১৫ জুন গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৬৩০ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৮০ দশমিক ৬১ মিলিয়ন ডলার।
ফলে এক দিনের ব্যবধানে গ্রস ও বিপিএম-৬—উভয় হিসাবেই রিজার্ভ বেড়েছে।
সাধারণত মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় ও অন্যান্য বাধ্যবাধকতা বাদ দিয়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভ হিসাব করা হয়।
খাতসংশ্লিষ্টদের মতে, বৈদেশিক সহায়তা, রেমিট্যান্স প্রবাহ এবং অন্যান্য বৈদেশিক মুদ্রা আয়ের ইতিবাচক প্রভাব রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম




























Recent Comments