ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো পূর্ব ঘোষণা ছাড়া বোর্ড মিটিং করতে পারবে না। পরিচালনা পর্ষদ সভার অন্তত ৩ থেকে ৭ দিন আগে বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানাতে হবে। এমন বিধান চালু করা হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রান্তিক প্রতিবেদন প্রকাশের ৩ কার্যদিবস আগে ডিএসইকে জানাতে হবে। এছাড়া ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা বিষয়ক বোর্ড সভা আহ্বানের অন্তত ৭ দিন আগে ডিএসইকে জানাতে হবে। তবে অন্যসব বোর্ড সভার জন্য এই নিয়ম প্রযোজ্য নয় বলে জানা গেছে। ফলে কোম্পানি ইচ্ছামত যখন খুশি এজিএম কিংবা লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ পরিবর্তন করতে পারবে না।
এ বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে ডিএসই‘র দায়িত্বে থাকা এক কর্মকর্তা ডেইলি শেয়ারবাজারকে বলেন, ডিএসইকে ডিজিটাল করার অংশ হিসেবে অটোমেশনে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, নতুন এই নিয়মে কোম্পানির প্রান্তিক প্রতিবেদনের বোর্ড মিটিংয়ের ৩ কার্যদিবস ও ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড মিটিং আহ্বানের ৭ দিন আগে ডিএসইকে জানিাতে হবে।
তিনি আরো বলেন, বিশেষ প্রয়োজনে কোম্পানি বোর্ড সভা করতে চাইলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে অনুমতি দেওয়ার পর ডিএসইকে জানাতে হবে।
তবে এ নিয়মটি চালুর পূর্বে তিন মাস পরীক্ষামূলকভাবে চালানো হবে। পরবর্তীতে এটি বাস্তবায়ন করা হবে।
বোর্ড সভার আবেদন সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় একটি অটোমেশন সফটওয়ার ব্যবহার করবে ডিএসই। এ সফটওয়ারের কার্যক্রম চলছে। আগামীকাল সোমবার ও মঙ্গলবার এ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করেছে ডিএসই।
এর আগে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোন প্রকার ঘোষণা ছাড়াই জুলাই, ২০২০ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংক্রান্ত বোর্ড সভা সম্পন্ন করেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। অথচ লিস্টিং রেগুলেশন, ২০১৫ এর ধারা ১৯ এর উপ-ধারা ১ অনুযায়ী, কোম্পানির আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করণ সংক্রান্ত বোর্ড সভার জন্য নির্ধারিত তারিখ সাত দিন পূর্বে স্টক এক্সচেঞ্জকে জানাতে হবে। কিন্তু গত ২৭ অক্টোবর কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করণ সংক্রান্ত বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। অথচ এ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ সংক্রান্ত কোন ঘোষণা ডিএসই’র ওয়েবসাইটে আসেনি।
এ প্রসঙ্গে ডিএসই’র এক উর্ধ্বতন কর্মকর্তা ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানিয়েছিলেন, ম্যারিকোর দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভার তারিখ নির্ধারণ সংক্রান্ত কোন তথ্য ডিএসই’র কাছে আসেনি। তাই ডিএসই’র ওয়েবসাইটে এ বিষয়ে কোন তথ্য প্রকাশ করা যায়নি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments