ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এক সময় অপূর্ব ও মেহজাবীন চৌধুরীকে নিয়ে নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকটি দর্শকমহলে ব্যাপক আলোড়ন তুলেছিল। সেই নাটকের সাফল্য আজও আলোচিত। এবার একই আবহে, তবে নতুন গল্প ও নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে আসছে নাটক ‘ছোট ছেলে’।
পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ, আবেগ এবং প্রজন্মের টানাপোড়েনকে উপজীব্য করে নির্মিত নাটকটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা আরশ খান ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।
নাটকটির গল্প লিখেছেন মেজবা উদ্দিন সুমন। পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব।
নাটকটি প্রসঙ্গে আরশ খান বলেন, ‘ছোট ছেলে’ খুবই আবেগঘন একটি পারিবারিক গল্প। এখানে এমন কিছু মুহূর্ত রয়েছে, যেগুলোর সঙ্গে অনেক দর্শক নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। চরিত্রটি আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। আমি বিশ্বাস করি, সান ড্রামার যাত্রার প্রথম নাটক হিসেবে এটি দর্শকদের ভালো লাগবে।’
সুনেরাহ বিনতে কামাল বলেন, আমি সবসময় গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করি। ‘ছোট ছেলে’র গল্প, চরিত্র এবং পুরো টিমের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। নতুন একটি প্ল্যাটফর্মের প্রথম প্রযোজনার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করি, দর্শক নাটকটি উপভোগ করবেন এবং সান ড্রামার এই নতুন যাত্রায় পাশে থাকবেন।
প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া জানিয়েছে, শুধু নাটক নির্মাণ নয়, দেশীয় সংস্কৃতি, জীবনবোধ ও মৌলিক গল্পকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দেওয়াই তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য। এ উদ্দেশ্যে নিয়মিত নাটক, শর্টফিল্ম, ওয়েব কনটেন্ট ও অন্যান্য ডিজিটাল আয়োজন প্রকাশের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
আগামী ৬ আগস্ট সান ড্রামার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘ছোট ছেলে’। একই সঙ্গে এই নাটকের মাধ্যমেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন ইউটিউবভিত্তিক প্ল্যাটফর্ম সান ড্রামা।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments