ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিনয় নয়, পরিচালনাকেই নিজের পথ হিসেবে বেছে নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান-এর ছেলে আরিয়ান খান। প্রথম কাজেই সাফল্য পেয়েছেন তিনি। তাঁর পরিচালিত ওয়েব সিরিজ় দ্য ব্যাড্স অফ বলিউড মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে আসে। এ বার সেই সিরিজ়ের দ্বিতীয় ভাগ নিয়ে জোর জল্পনা।
Netflix-এ মুক্তিপ্রাপ্ত প্রথম সিজ়নে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন লক্ষ্য, ববি দেওল ও মোনা সিংহ। পাশাপাশি একাধিক তারকাকে ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল, যা সিরিজ়টির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়।
দ্বিতীয় সিজ়নের প্রস্তুতি শুরু
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রথম সিজ়নের সাফল্যের পরেই ‘দ্য ব্যাড্স অফ বলিউড ২’-এর পরিকল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই দ্বিতীয় সিজ়নের চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে, যা চলতি বছরের শেষ পর্যন্ত চলতে পারে।
সূত্রের দাবি, দ্বিতীয় সিজ়ন নিয়ে আরিয়ান খান বিশেষভাবে সতর্ক। নির্মাতারা চাইছেন, গল্পে যেন নতুনত্ব থাকে এবং শুধুমাত্র প্রথম সিজ়নের সাফল্যের পুনরাবৃত্তি না হয়। প্রথম সিজ়নের মতোই এ বারও চিত্রনাট্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকছেন বিলাল সিদ্দিকী।
শুটিং কবে শুরু?
সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আগামী বছর থেকে সিরিজ়টির শুটিং শুরু হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের প্রথম ভাগে ক্যামেরা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় সিজ়নেও লক্ষ্যকে মূল চরিত্রে দেখা যেতে পারে বলেই খবর।
তবে শোনা যাচ্ছে, চলতি বছরের শেষে মুক্তি পাওয়ার কথা থাকা কিং ছবির পরেই সিরিজ়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।
তারকাখচিত প্রথম সিজ়ন
উল্লেখ্য, Red Chillies Entertainment প্রযোজিত ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর প্রথম সিজ়ন মুক্তি পেয়েছিল ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর। ওই সিজ়নে ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল করণ জোহর, আমির খান ও সলমন খান-সহ একাধিক তারকাকে।
এখন দর্শকদের একটাই প্রশ্ন—আরিয়ান খানের দ্বিতীয় পরিচালনা কবে আবার পর্দায় ফিরবে? তার উত্তর মিলতে পারে খুব শিগগিরই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments