ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের নিয়োগ নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ২০৩০ সাল পর্যন্ত চুক্তিতে দায়িত্ব নিচ্ছেন সাবেক এই বিশ্বকাপজয়ী কিংবদন্তি।
বিশ্বকাপ শেষে দীর্ঘদিনের কোচ দিদিয়ের দেশমের বিদায়ের আগেই ফরাসি সংবাদমাধ্যমগুলোতে জিদানের নাম জোরালোভাবে আলোচনায় আসে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিল ফেডারেশন।
ফ্রান্সের ফুটবল ইতিহাসে জিদান অন্যতম সফল নাম। ১৯৯৮ সালে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচ হিসেবেও তিনি দারুণ সফলতা পেয়েছেন। রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতান তিনি। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদ শেষে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর দীর্ঘ সময় ডাগআউটের বাইরে ছিলেন।
এবার তিনি দায়িত্ব নিচ্ছেন ফ্রান্স জাতীয় দলের, যারা সর্বশেষ বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছিল।
দায়িত্ব গ্রহণের পর ৫৪ বছর বয়সী জিদান বলেন, আমি অনেকবার বলেছি, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় কিছু নেই। জাতীয় দলের দায়িত্ব পাওয়া আমার জন্য যেমন আনন্দের, তেমনি অত্যন্ত গর্বের বিষয়।
তিনি আরও বলেন, এটি একই সঙ্গে অনেক বড় দায়িত্ব। আমি ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, নির্বাহী কমিটি এবং ফেডারেশনকে ধন্যবাদ জানাই। জাতীয় দলকে নিয়ে আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।
জিদান জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কোচ হিসেবে আরও কয়েকটি প্রস্তাব পেয়েছিলেন, তবে সেগুলো গ্রহণ করেননি।
আগামী ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে জিদানের ফ্রান্স অধ্যায়ের সূচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments