ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জাও ওই সময়ের মধ্যে বন্ধ করতে হবে।
এছাড়া চলমান ও ভবিষ্যতে অনুষ্ঠিত মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্ত ১ জুন থেকে কার্যকর হয়েছে।
সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর পূর্ববর্তী নির্দেশনার আলোকে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা চালু ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সুবিধার জন্য সাময়িকভাবে দোকানপাট খোলা রাখার সময় রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।
ঈদ উপলক্ষে দেওয়া ওই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবার আগের সময়সূচি কার্যকর করা হয়েছে। ফলে এখন থেকে সব শপিং মল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যেই তাদের কার্যক্রম শেষ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে। একই নিয়ম দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments