ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সবে ক্যারিয়ারের সাফল্য পাখিটা ডানা মেলল। এখনই যদি সৌদি আরবে যান, তাহলে যে আর বেশিদিন উড়বে না সেই পাখি; সেটা ভালো করেই জানেন কিলিয়ান এমবাপ্পে। সে জন্যই তো আল হিলালের বিশাল অর্থের প্রস্তাবও ফিরিয়ে দিলেন। কেবল ফিরিয়ে দেওয়া নয়, এমবাপ্পে নাকি এটাও বলেছেন, প্রয়োজনে না খেলে পুরো মৌসুম বেঞ্চে বসে কাটাবেন, তবু সৌদিতে যাবেন না। যেমনটা জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল।

অথচ বছর দেড়েক আগেও এমবাপ্পে ছিলেন পিএসজির প্রাণভোমরা, স্বপ্ন পূরণের মূল হাতিয়ার। রিয়ালকে কথা দিয়েও শেষ পর্যন্ত আর মাদ্রিদে যাননি। যে কারণে লস ব্লাঙ্কোসদের সঙ্গেও সম্পর্কের অবনতি হয়। কিন্তু ২০২২ পেরিয়ে ২০২৩ সালে নতুন মোড়। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ম্যানচেস্টার সিটি। এর পরই নতুন গুঞ্জন শুরু হয়। পিএসজির সঙ্গে এক বছর চুক্তি নবায়নের যে ক্লজ রেখেছিলেন, সেটি আর সক্রিয় করতে চাইছেন না কিলিয়ান। চিঠি দিয়ে পিএসজিকে সেটি জানিয়ে দেওয়ার পর তুলকালামকাণ্ড। অনেকটা রাগ হয়েই কিলিয়ানকে বেচে দেওয়ার কথা জানিয়ে দেন পিএসজির মালিক। যদিও পরে এমবাপ্পেকে সময় বেঁধে দেওয়া হয় যাতে তিনি পিএসজিতে থাকতে রাজি হন। সেজন্য কয়েক ধাপে মোটা অঙ্কের আর্থিক প্রস্তাবও পাঠায় দলটি। কিন্তু কিছুতেই এমবাপ্পের মন গলাতে পারেনি তারা। শেষ পর্যন্ত বাধ্য হয়েই তাঁকে বিক্রির দরদাম ঠিক করে দেয় পিএসজি। এমন সুযোগটা লুফে নিতে চায় সৌদির ক্লাব আল হিলাল, যারা কিনা লিওনেল মেসিকেও প্রস্তাব দিয়েছিল। কিন্তু মেসি তাদের না করে দেন।
এবার তারাই পিএসজির টেবিলে আনুষ্ঠানিভাবে ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে। যে প্রস্তাবে ফরাসি ক্লাবটিও রাজি। এখন কেবল এমবাপ্পের সম্মতির অপেক্ষা। কিন্তু এমবাপ্পে গেলে তো! তিনি এরই মধ্যে না বলে দিয়েছেন। উল্টো না খেলে মৌসুম কাটানোর কথাও বলেছেন। তাতে পিএসজির সঙ্গে সম্পর্কের শেষ সুতাটাও ছিঁটতে শুরু করেছে।
এদিকে পিএসজি নাছোড়বান্দা। তারা যে করে হোক কিলিয়ানকে দুটি পথের একটি বেছে নিতে বলেছে। হয় তাঁকে নতুন চুক্তি করতে হবে, না হয় ক্লাব ছাড়তে হবে। কিন্তু কিলিয়ান চাইছেন আরেকটা মৌসুম প্যারিসে থেকে তার পর যেতে। কিন্তু আরেক মৌসুম থাকার পর গেলে তাঁর থেকে কোনো অর্থ পাবে না পিএসজি। উল্টো তাঁকে বোনাস এবং এক মৌসুম আরও আর্থিক সুযোগ-সুবিধা দিতে হবে। যেটা মানতে নারাজ পিএসজি। তাঁর মূল টার্গেট রিয়ালে যাওয়া। তবে সেটা এই গ্রীষ্মেই নয়, পরের মৌসুমে। অর্থাৎ পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর আগামী জুনে। রিয়ালও সেই দিকে চোখ রেখেছে। তারা এই আগস্ট অবধি দেখবে, যদি আল হিলাল সরে যায়, তাহলে হয়তো পিএসজিকে একটা প্রস্তাব পাঠাবে, না হয় পরের বছরেরর জন্য অপেক্ষা করবে। মোটকথা তারাও হাল ছাড়তে চায় না।
রিয়াল খুব সূক্ষ্মভাবে সবকিছু পর্যবেক্ষণে রেখেছে। তারা আগস্ট অবধি দেখতে চায়। এর পর হয়তো প্রস্তাব পাঠাবে। ১৩০ মিলিয়ন ইউরো সাইনিং বোনাস আর শতভাগ ইমেজ রাইটস দিতে চায় তারা। আর নেট সেলারি হিসেবে ২৬ মিলিয়ন ইউরো। সব মিলিয়ে রিয়ালও খুব করে চাইছে এমবাপ্পেকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments