মঙ্গলবার, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকভূমিকম্পে লণ্ডভণ্ড ফিলিপাইন, সুনামি সতর্কতা জারি
spot_img
spot_img

ভূমিকম্পে লণ্ডভণ্ড ফিলিপাইন, সুনামি সতর্কতা জারি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তীব্র এই কম্পনে কেঁপে ওঠে দেশটির বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের তীব্রতায় বেশ কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে এবং বিভিন্ন সড়কে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ১৬টি অনুকম্পন (আফটারশক) রেকর্ড করা হয়েছে। এসব অনুকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ১ দশমিক ৩ থেকে সর্বোচ্চ ৬ দশমিক ৭ পর্যন্ত। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় আতঙ্ক আরও বেড়েছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা জেনারেল সান্তোস সিটি থেকে। দেশটির সরকারি বার্তা সংস্থা ফিলিপাইন ইনফরমেশন এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শহরের বড় বড় ভবন ও বিপণিবিতান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ফিলিপাইনের জনপ্রিয় ফাস্টফুড চেইন জলিবির অন্তত দুটি শাখা হুড়মুড় করে ভেঙে সড়কের ওপর ধসে পড়েছে। এ সময় আতঙ্কিত মানুষকে দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা যায়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত একজন নিহত এবং চারজন গুরুতর আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন জেনারেল সান্তোস সিটির এক পুলিশ কর্মকর্তা।

শহরের মাস্টার সার্জেন্ট রবার্ট ডাগন জানান, ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। তবে উদ্ধারকাজ চলমান থাকায় ক্ষতিগ্রস্ত ভবনের সঠিক সংখ্যা এখনই বলা সম্ভব নয়। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভয়াবহ এই দুর্যোগের পর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ফিলিপাইন রেড ক্রস। এরই মধ্যে সংস্থাটির উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করেছে।

এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ফিলিপাইন রেড ক্রস জানিয়েছে, তাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা করছেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রসৈকত থেকে দূরে এবং উঁচু স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments