ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতের মধ্যেই দেশটিতে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়েছে। এর প্রভাবে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।
তবে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর লোহিত সাগরের ইয়ানবু টার্মিনাল থেকে তেল রফতানি বন্ধ থাকায় সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। বাজার পর্যবেক্ষকরা বলছেন, এই পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের সরবরাহে বিঘ্ন ঘটার ঝুঁকি তৈরি হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৭ ডলার ৮২ সেন্টে নেমে আসে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৭ সেন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ৮৬ সেন্টে দাঁড়ায়।
এর আগে মঙ্গলবার উভয় বেঞ্চমার্কের দাম ৩ ডলারের বেশি বেড়ে লেনদেন শেষ হয়েছিল। ইয়ানবু টার্মিনালে তেল বোঝাই বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়।
এর পাশাপাশি ইউরোপে অপরিশোধিত তেল সরবরাহ কমিয়ে দেওয়ার সৌদি আরবের সিদ্ধান্তও বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ফলে একদিকে যুক্তরাষ্ট্রের তেলের মজুত বৃদ্ধির কারণে দামে নিম্নমুখী চাপ তৈরি হলেও অন্যদিকে মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments