ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন ব্যাহত হওয়ায় চলতি বছরে বাংলাদেশে নির্ধারিত এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কাতার এনার্জি। বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শিল্প খাতসংশ্লিষ্ট সূত্র।
পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘এসব সমস্যার মূল কারণ হচ্ছে যুদ্ধ। সম্ভাব্য এই ঘাটতি মোকাবিলায় আমরা বিকল্প উৎসগুলো খতিয়ে দেখছি। এর মধ্যে খোলা বাজার থেকে বেশি পরিমাণে এলএনজি কেনা এবং অন্যান্য সরবরাহকারী দেশের সঙ্গে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির বিষয়ও রয়েছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যে বিকল্পটি সবচেয়ে সুবিধাজনক হবে, আমরা সেটিই বেছে নেব।’
যুক্তরাষ্ট্রের পর কাতার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি উৎপাদনকারী দেশ এবং বাংলাদেশের সবচেয়ে বড় এলএনজি সরবরাহকারী। গত বছর বাংলাদেশ প্রায় ৭০ লাখ মেট্রিক টন এলএনজি আমদানি করে, যার মধ্যে ৪১ দশমিক ৫ লাখ মেট্রিক টনই আসে কাতার থেকে।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার সঙ্গে কাতার এনার্জির দুটি দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তি রয়েছে। এর মধ্যে একটি চুক্তির আওতায় বছরে ২৫ লাখ মেট্রিক টন এবং অন্যটির আওতায় ১৮ লাখ মেট্রিক টন এলএনজি আমদানি করা হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে কাতার এনার্জির সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments