
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীতে গণপরিবহনে বিআরটিএ যে ভাড়া বাড়িয়েছে তার থেকেও অনেক গুণে বেশি নিচ্ছেন কন্ডাক্টর। এ নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে শুরু হয়েছে বাকবিতণ্ডা। যাত্রীদের অভিযোগ বাড়তি বাসভাড়া আদায় করা হচ্ছে ৫০ শতাংশেরও বেশি।
আজ সোমবার সকালে রাজধানীর বাসে এমন চিত্র দেখা যায়।
বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বিআরটিএ ভাড়া বাড়িয়েছে কিলোমিটার প্রতি ১.৮ টাকা। কিন্তু কন্ডাক্টর বেশি ভাড়া চাচ্ছেন। বলতে পারছেন না কত টাকা ভাড়া বেড়েছে অথচ চাইছে অতিরিক্ত ভাড়া। মিরপুর থেকে গুলশানের ভাড়া আগে ছিল ২৫ টাকা। এই ভাড়া বেড়ে হতে পারে ৩০ টাকা। সেখানে কন্ডাক্টর ভাড়া নিচ্ছেন ৩৫ টাকা।
তিনি বলেন, কন্ডাক্টর যে ভাড়া চাচ্ছেন তা ৫০ শতাংশেরও বেশি। করোনাকালে ৪০ শতাংশ হারে বাস ভাড়া বাড়ানো হয়েছিল। এখন যে ভাড়া নিতে চাচ্ছেন কন্ডাক্টর তা তো দেখি করোনাকালের থেকেও ভাড়া বেশি।
বাসের যাত্রী আরেক বেসরকারি কর্মকর্তা বলেন, বিআরটিএ যে ভাড়া বাড়িয়েছে তার থেকেও অনেক গুণে বেশি নিচ্ছেন কন্ডাক্টর। ১৫ টাকা জ্বালানি তেলের দাম বেড়েছে। এই কারণে কি একজন যাত্রী থেকেই সেই বাড়তি টাকা তুলবে? সব মাশুল কি শুধু সাধারণ মানুষরাই দেবেন?
উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন মালিকদের দাবির মুখে গণপরিবহনে নতুন করে ভাড়া বাড়ানো হয়েছে। পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী এখন থেকে রাজধানীতে বাস যাত্রায় যাত্রীদের গুনতে হবে সর্বনিম্ন ৮ টাকা এবং মিনিবাসের জন্য গুনতে হবে ১০ টাকা। এছাড়াও দূরপাল্লার গণপরিবহনের ভাড়া ১ দশমিক ৮০ টাকা বৃদ্ধি চূড়ান্ত করেছে বিআরটিএ।
রবিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা সাত ঘণ্টা বিআরটিএ চেয়ারম্যান ও পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
ডেইল শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments