ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৪ বছর পর টেস্ট দলের দায়িত্বে ফিরছেন তিনি। জো রুটের নেতৃত্বে বাজবল পরবর্তী যুগের প্রথম সিরিজে মাঠে নামার অপেক্ষায় ইংলিশরা। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টেস্টে জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তারা।
নিউজিল্যান্ড সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন বেন স্টোকস। এতেই টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব ফিরে পেয়েছেন জো রুট। স্টোকসের অবসরের সঙ্গে টেস্ট দলের কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালামের অধ্যায়েরও সমাপ্তি ঘটেছে। সাবেক কিউই ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং দলের দায়িত্ব নিয়েছেন।
সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড তাই নতুন যুগে প্রবেশ করছে বলেই ধারণা করা হচ্ছে।
তবে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে ফ্লেমিংকে সঙ্গে পাচ্ছে না ইংল্যান্ড। সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক এই সিরিজে দলের দায়িত্বে থাকবেন।
ইনজুরির কারণে পাকিস্তান সিরিজের পুরোটা থেকেই ছিটকে গেছেন জ্যাকব বেথেল। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন ডান হাঁটুতে চোট পান তিনি। তার জায়গায় তিন নম্বরে ব্যাট করবেন জর্ডান কক্স।
চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ডিভিশনে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ড্যান লরেন্স ব্যাট করবেন ৬ নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ হারের পর এই প্রথম দলে ফিরেছেন অলি পোপ এবং ব্রাইডন কার্স।
গত গ্রীষ্মে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে অভিষেক হওয়া তরুণ পেসার স্যাম কুককেও এই দলে রাখা হয়েছে। ১৯ আগস্ট হেডিংলিতে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। ২০২২ সালের পর প্রথমবার নিজ দেশের দর্শকদের সামনে দলকে নেতৃত্ব দেবেন রুট।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ২ টেস্টের ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ম্যাথিউ ফিশার, এমিলিও গে, ড্যান লরেন্স, অলি পোপ, অলি রবিনসন, জেমি স্মিথ, জোশ টাং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments