ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্ববাজারে কয়লার দাম আবারও ঊর্ধ্বমুখী। টনপ্রতি কয়লার দাম ১৪৫ ডলারের ওপরে উঠেছে, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ দরের কাছাকাছি। একই সময়ে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, ২০২৬ সালে বিশ্বে কয়লার ব্যবহার রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে। খবর হেলেনিক শিপিং নিউজের।
আইইএর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বে কয়লার চাহিদা ১ দশমিক ২ শতাংশ বাড়তে পারে। এতে মোট চাহিদা দাঁড়াতে পারে প্রায় ৮৯৪ কোটি টনে। এর আগে সংস্থাটি চলতি বছরে কয়লার চাহিদা কমার পূর্বাভাস দিয়েছিল।
বিশ্ববাজারে কয়লার চাহিদা বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হয়ে উঠেছে প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধি। হরমুজ প্রণালি দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় গ্যাসের দাম বেড়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদনকারীদের একটি অংশ গ্যাসের পরিবর্তে কয়লাভিত্তিক উৎপাদনের দিকে ঝুঁকছেন।
চীন, দক্ষিণ কোরিয়া, জাপানসহ ইউরোপের কয়েকটি দেশেও গ্যাসের বিকল্প হিসেবে কয়লার ব্যবহার বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।
এদিকে আবহাওয়াজনিত পরিস্থিতিও কয়লার চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বাড়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। পাশাপাশি ভারত ও ভিয়েতনামের মতো কয়েকটি দেশে জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি পূরণে কয়লার ওপর নির্ভরতা বাড়ছে।
বিশ্বজুড়ে বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়লেও বিদ্যুতের সামগ্রিক চাহিদা দ্রুত বৃদ্ধির কারণে কয়লার ব্যবহার কমছে না। বরং চলতি বছর তা নতুন রেকর্ডে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
আইইএ সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে এলএনজি সরবরাহে বিঘ্ন দীর্ঘস্থায়ী হলে আগামী ২০২৭ সালেও বিশ্বে কয়লার ব্যবহার নতুন রেকর্ড গড়তে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments