ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুর্দান্ত ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দল বা ক্লাব, সব জায়গাতেই একের পর এক গোল করেই যাচ্ছেন এই পর্তুগিজ সুপারস্টার। গত রাতে তার জোড়া গোলে সৌদি প্রো লিগে আল ওখদুদকে হারিয়েছে আল নাসর। শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টায় আল আওয়াল পাকে আল ওখদুদের বিপক্ষে মাঠে নামে আল নাসর। রোনালদো ও সামি আল-নাজির গোলে ৩-০ গোলের বড় জয় পায় আল নাসর।

ম্যাচের ১৩তম মিনিটে আল নাসরকে এগিয়ে দেন সামি আল নাজি। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। তবে আর গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
বিরতি থেকে ফিরে আক্রমণে ধার বাড়ায় রোনালদোরা। ম্যাচের ৭৭ মিনিটে গোল করে দলের লিড বাড়িয়ে দেন সিআরসেভেন। এর তিন মিনিটে পর আবারও গোলের দেখা পান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
ডি বক্সের বাইরে থেকে প্রতিপক্ষ গোলরক্ষকসহ ডিফেন্স লাইনের ওপর দিয়ে অসাধারণ এক শটে বল জালে জড়ান রোনালদো। এক কথায় অবিশ্বাস্য এক গোল করেন তিনি।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এ জয়ে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আল নাসর। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নগর প্রতিদ্বন্দ্বী আল হিলাল।
ডেইলি শেয়ারবাজা ডটকম/এম আর.
































Recent Comments