ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাপানে হতে যাচ্ছে এশিয়ান গেমসের ২০তম আসর। সেই আসরের ক্রিকেট ইভেন্টে থাকছে বাংলাদেশও। এশিয়ান গেমসের জন্য লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
জাপানের নাগোয়ার পূর্ব দিকে ছোট শহর নিসশিনে বসবে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট। ভেন্যুর নাম কোরোগি স্পোর্টস পার্ক। কয়েক মাস আগেও সেটি ছিল বেসবল মাঠ। গত মার্চে এটিকে ক্রিকেটের উপযোগী করে তোলা হয়।
স্কোয়াডে জায়গা হয়নি ইনজুরিতে থাকা পেসার নাহিদ রানার। নেই আরেক পেসার তাসকিন আহমেদও।
এশিয়ান গেমসের আগের আসরে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। সেবার সেমিতে ভারতে কাছে হেরে যায় তারা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ নিয়ে বাড়ি ফেরে বাংলাদেশ ক্রিকেট দল।
এবার এশিয়ান গেমসে ২৪ সেপ্টেম্বর থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ছেলেদের ক্রিকেট ইভেন্ট। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা টুর্নামেন্টের নকআউট পর্ব থেকে যাত্রা শুরু করবে।
ছেলেদের মতো মেয়েদের ক্রিকেট ইভেন্টের খেলাও হবে কোরোগি স্পোর্টস পার্কে। মেয়েদের ক্রিকেট ইভেন্ট চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক) তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি, রিশাদ হোসেন, শেখ মাহেদি, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments