ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রতিনিয়তই ভয়ংকর রুপ নিচ্ছে মহামারি করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে পুঁজিবাজারে সংকটময় সময়ে ব্রোকারেজ হাউজের অস্থিত্ব রক্ষায় লেনদেনের কর হার কমানোর দাবি জানিয়েছে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ)।

আজ বৃহস্পতিবার ডিবিএর এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্য মতে, চূড়ান্ত বাজেটে ব্রোকার হাউজের শেয়ার লেনদেনের উপর প্রদেয় অগ্রিম আয়কর হার ০.০৫% থেকে কমিয়ে ০.০১৫% করার দাবি করেছে
ডিবিএ।
এ বিষয়ে ডিবিএর প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন বলেন,পুঁজিবাজারের লেনদেন কমে যাওয়ায়, একমাত্র কমিশন আয়ের উপর নির্ভরশীল ব্রোকারেজ হাউজগুলো ক্রমাগত লোকসানে রয়েছে। ফলে তাদের অফিস পরিচালন ব্যয়ভার মেটাতে না পেরে অসংখ্য শাখা অফিস ইত্যিমধ্যে বন্ধ করে দিয়েছে। আরও অসংখ্য শাখা অফিস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ফলে ব্রোকারদের বাণিজ্যিক কার্যক্রমেও স্থবিরতা বিরাজ করছে। কোভিড-১৯ এর ফলে দীর্ঘ সময় বন্ধ থাকা ব্রোকারেজ হাউজের এমন সংকট আরো চরমে পৌঁছেছে।
তিনি আরো বলেন, পুঁজিবাজারের উন্নয়নের সাথে দেশের অর্থনৈতিক উন্নয়ন জড়িত। পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে ব্রোকারদের বাঁচিয়ে রাখার নিমিত্তে আমরা শেয়ার লেনদেনের উপর বিদ্যমান অগ্রিম আয়কর ০.০৫% এর পরিবর্তে ০.০১৫% করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর কাছে লিখিত সুপারিশ জানিয়েছি। পুঁজিবাজারসহ ব্রোকারদের সামগ্রিক পরিস্থিতি তথা কোভিড-১৯ এর ফলে আগামীদিনে ব্যবসায় বিরুপ প্রভাবের সম্ভাবনা বিবেচনা করে বিদ্যমান অগ্রিম আয়কর ০.০৫% এর পরিবর্তে ০.০১৫% করার বিনীত সুপারিশ করছি।
এদিকে বাজেটে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত ৩ (তিন) বছরের লক-ইন প্রত্যাহার চেয়েছে ডিবিএ। একইসঙ্গে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কর হার ১০% এর পরিবর্তে ৫% করার সুপারিশ দাবি করেছে।
যার ফলে বাজারে অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ বৃদ্ধি পাবে। তারল্য প্রবাহ বৃদ্ধি পেয়ে বাজার সক্রিয় ও শক্তিশালী হবে। এছাড়া কোম্পানী থেকে প্রদেয় ডিভিডেন্ড আয়ের করমুক্ত সীমা বিদ্যমান ৫০ হাজার টাকা বাড়িয়ে ২ লাখ টাকা করা এবং অতালিকাভূক্ত কোম্পানীর ন্যায় তালিকাভূক্ত কোম্পানীর ক্ষেত্রেও ২.৫০% কর হ্রাস করার দাবি করেছে ডিবিএ। এর ফলে তালিকাভূক্ত কোম্পানীগুলো ব্যবসায়িকভাবে আরো সক্রিয় ও সমৃদ্ধ হবে। যা প্রত্যক্ষভাবে পুঁজিবাজারের জন্য ও বিনিয়োগকারীর জন্য তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে সুফল বয়ে আনবে বলে শরীফ আনোয়ার মনে করেন। সূত্র: ডিবিএ
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ






























Recent Comments