ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪ রানে আউট হয়েছেন ইংল্যান্ডের জো রুট। তবে ছোট এই ইনিংসেই গড়েছেন অনন্য বিশ্ব রেকর্ড। নিজের দেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন এই ইংলিশ ব্যাটার।
লর্ডসে ২৪ রান করার পথে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংকে ছাড়িয়ে গেছেন রুট। ইংল্যান্ডের মাটিতে টেস্টে তার রান এখন ৭ হাজার ৫৯৪। অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে পন্টিং করেছিলেন ৭ হাজার ৫৭৮ রান।
এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। নিজ দেশের মাটিতে তার সংগ্রহ ৭ হাজার ২১৬ রান। শচীনকে অবশ্য আগেই ছাড়িয়ে গিয়েছিলেন রুট।
তবে সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এখনো শচীন টেন্ডুলকারের দখলে। ২০০ টেস্টে তার সংগ্রহ ১৫ হাজার ৯২১ রান। অন্যদিকে ১৬৮ ম্যাচে রুটের রান ১৪ হাজার ২০৮। শচীনের রেকর্ড ভাঙতে ইংলিশ ব্যাটারের প্রয়োজন আরও ১ হাজার ৭১৩ রান।
রুট শচীনের রেকর্ড ভাঙতে পারবেন কি না, তা নিয়ে ক্রিকেটবিশ্বে আলোচনা চলছে। এ বিষয়ে রুটের বাবা ম্যাট রুটও নিজের মত জানিয়েছেন।
টকস্পোর্ট ব্রেকফাস্ট অনুষ্ঠানে তিনি বলেন, রুটের পক্ষে শচীনের রেকর্ডের কাছাকাছি যাওয়া সম্ভব। ফিটনেস, মনোযোগ ও খেলার প্রতি আগ্রহ ধরে রাখতে পারলে তার সামনে বড় কোনো বাধা থাকবে না বলেও মনে করেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments