ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিনেমার ব্যাকরাউন্ড মিউজিকের তৈরি বেলায় ভরসার নাম হয়ে উঠেছেন সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি। ২০১৫ সালে ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করা এই প্রতিভাবান সংগীত পরিচালক খুব অল্প সময়েই হয়ে উঠেছেন সিনেমার আবহসঙ্গীত নির্মাণে এক আশ্বস্ত নাম। ‘ইতি, তোমারই ঢাকা ‘দামাল ‘সুড়ঙ্গ’ ‘তুফান’ ‘বরবাদ’ ‘ইনসাফ’ ‘তাণ্ডব’-প্রতিটি ছবির সঙ্গেই তাঁর কাজ যেন হয়ে উঠেছে গল্পের অপরিহার্য অংশ।
ওয়েব কিংবা টেলিভিশন-সেখানেও নিধির সুরের ছোঁয়া মানেই ভিন্ন এক আবহ। এখন সিনেমায় যদি তাঁর নাম থাকে ব্যাকগ্রাউন্ড স্কোরে, দর্শকের প্রত্যাশা নিজের জায়গা থেকেই বলে ওঠে-এবার কিছু একটা চমক থাকবেই। নিধি এবার যুক্ত হলেন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিতব্য শাকিব খানের পরবর্তী সিনেমাতে।
মঙ্গলবার প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তির খবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে প্রতিষ্ঠানটি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক শিরিন সুলতানা, সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ এবং নিধি।
নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর নিধি বলেন, নতুন এই ছবির গল্পটা এককথায় দুর্দান্ত। কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য আলাদা সাউন্ড থিম তৈরি করছি। যেহেতু গল্পের সময়কাল নব্বই দশক, তখন দেশে রক মিউজিকের একটা ছোঁয়া ছিল-সেটা মাথায় রেখেই মিউজিক ডিজাইন করছি। টাইমলাইনের সঙ্গে মিল রেখে দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা আনব।
তিনি আরও যোগ করেন, ‘‘গল্পের পিরিয়ডটা আগের হলেও, এতে নতুনত্ব আছে। দর্শকদের কাছে ছবিটি নতুন এবং ফ্রেশ লাগবে। আমি চেষ্টা করবো শাকিব ভাইকে মিউজিকের নতুন এক পরিচয়ে তুলে ধরতে। যেহেতু হায়াত ভাই একটি ‘লার্জার দ্যান লাইফ’ ছবি বানাচ্ছেন, আমিও তেমনভাবে মিউজিকে কিছু স্মরণীয় করে তুলতে চাই।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনেমার প্রথম লুক এবং নাম উন্মোচন করা হবে আগামী সপ্তাহে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
























Recent Comments