ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শিক্ষা খাতে বিএনপি সরকার ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২১ আগস্ট) সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত দুদিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে তিনি এ কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের শিক্ষা যে জায়গায় গিয়ে পৌঁছেছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষাব্যবস্থাকে বাস্তব জীবন ও কর্মমুখী শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনা শেষ করে দেশে ও বিদেশের কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে, সে জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফারের সুযোগসহ আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। একটি মানসম্মত শিক্ষাব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউজিসি বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্যসহ নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপে উচ্চশিক্ষায় প্রযুক্তিগত পরিবর্তন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, শিক্ষার গুণগত মান, জবাবদিহি ও বৈশ্বিক প্রতিযোগিতার মতো বিষয় নিয়ে আলোচনা হয়। পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক ও সুশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments