
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন সময়ে শেয়ারবাজার সম্পর্কিত গুজব সৃষ্টিকারী পোস্ট করে শেয়ারবাজারকে প্রভাবিত করার চেষ্টা করার জন্য মো: মাহবুবুর রহমানকে ব্রাহ্মণবাড়ীয়া থেকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করা সাধারণ ডায়রীর ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করতে দশ দিনের রিমান্ড আবেদন করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর ২০২১ইং তারিখে মো: মাহবুবুর রহমান নামে জনৈক ব্যক্তি “শেয়ারবাজার ২০২১” নামক ফেসবুক পেজ এ পোস্ট দেন “ যে যা পারেন সেল দিয়ে বের হয়ে যান। ইনডেক্স ৫৬০০ পর্যন্ত পড়বে…পেনিক নয় বাস্তবতা।”
বিএসইসির ‘সোস্যাল মিডিয়া মনিটরিং সেল’ এর পর্যবেক্ষণে দেখা যায় তিনি ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন সময় শেয়ারবাজার সম্পর্কিত গুজব সৃষ্টিকারী পোস্ট করে শেয়ারবাজারকে প্রভাবিত করার চেষ্টা করেন। সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে বাজার কারসাজি করাই এসব গুজবের উদ্দেশ্য। ২৩ ডিসেম্বর ২০২১ইং তারিখে মো: মাহবুবুর রহমানের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় কমিশনের পক্ষে কমিশনের উপপরিচালক মুন্সী মো: এনামুল হক একটি এজাহার দায়ের করেন। উক্ত এজহারে উল্লেখ করা হয়, মো: মাহবুবুর রহমান বর্তমানে ক্যাজুয়াল কর্মচারী হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলায়ন্সে কাজ করছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারবাজার সম্পর্কিত মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন। অভিযুক্ত ব্যক্তি উল্লেখিত কার্যকলাপের মাধ্যমে বিনিয়োগকারীদের প্ররোচনা ও প্রলুব্ধ করে বে-আইনীভাবে লাভবান হয়ে আসছেন। এরুপ কার্যকলাপের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা পুঁজিবাজারকে প্রভাবিত করাসহ সমূহ ক্ষতিসাধন করছেন যা পুঁজিবাজার তথা বিনিয়োগকারী এবং সার্বিকভাবে রাষ্ট্রের স্বার্থবিরোধী কার্যক্রম বটে। পুঁজিবাজারে এরুপ চক্র বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনব উপায়ে বাজারে অস্থিরতা সৃষ্টি করে পুঁজিবাজারকে প্রভাবিত করার মাধ্যমে ও স্বীয় অসুদ্দেশ্য চরিতার্থ করার নিমিত্ত বিভিন্ন অপকর্ম করছে, যে কারণে বিনিয়োগকারীদের মধ্যে বিতর্ক সহ আইন শৃঙ্খলা ভঙ্গ হবার সম্ভাবনা আছে বলে এজাহারে আরও উল্লেখ করা হয়।
মো: মাহবুবুর রহমান উল্লেখিত ফেসবুক পেজ ব্যবহার করে পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন মিথ্যা তথ্য পরিবেশন করে গুজব সৃষ্টির মাধ্যমে প্রলোভন দেখিয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্ররোচনা করে প্রতারণার জালে ফেলছে বলে এজাহারে বর্ননা করা হয়।
এদিকে বিএসইসির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুক, হোয়াটস অ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজার নিয়ে গুজব রটনাকারীদের চিহ্নিত করতে ‘সোস্যাল মিডিয়া মনিটরিং সেল’ গঠন করেছে বিএসইসি। বিএসইসির মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টিলিজেন্স ডিপার্টমেন্টের কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদের তত্ত্ববধানে এ সোস্যাল মিডিয়া মনিটরিং সেল এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুঁজিবাজারে গুজব নিয়ন্ত্রণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডিজিটাল সিকিউরিটি এজেন্সির সঙ্গে সমন্বিতভাবে কাজ করে আসছে বিএসইসি। ইতিমধ্যে বিএসইসির অভিযোগের প্রেক্ষিতে ৩১টি গুজব সৃষ্টিকারী আইডি নিষ্ক্রিয় করা হয়েছে। পর্যায়ক্রমে গুজব সৃষ্টিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমের সব আইডির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে কমিশন। যারা শেয়ারবাজার নিয়ে গুজব সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments