ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টম হল্যান্ড ও জেনডায়াকে নিয়ে নির্মিত নতুন মার্ভেল সুপারহিরো চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’এর নতুন ট্রেলার প্রকাশ পেয়েছে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বেশ কয়েকটি বড় ক্রসওভারের ইঙ্গিত মিলেছে এই ট্রেলারে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা স্যাডি সিংক এই সিনেমায় ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন, তা নিয়ে।
ট্রেলারে দেখা যায়, নতুন ধরনের মাকড়সা-সম্পর্কিত শারীরিক পরিবর্তনের মুখোমুখি হচ্ছেন সিনেমার মূল চরিত্র পিটার পার্কার (টম হল্যান্ড)। এমনকি তার শরীরে স্বাভাবিকভাবেই মাকড়সার জাল তৈরির ক্ষমতা দেখা দিয়েছে।
এরপর শরীরের এই অদ্ভুত পরিবর্তনের কারণ জানতে তিনি সাহায্য চান ব্রুস ব্যানারের কাছে। হাল্ক নামেও পরিচিত এই চরিত্রটি। এই চরিত্রে অভিনয় করেছেন মার্ক রাফালো।
ট্রেলারে আরও দেখা যায়, জন বার্নথালের অভিনীত ফ্র্যাঙ্ক ক্যাসেল বা পানিশারকে। পিটার পার্কার তার প্রেমিকা এমজেকে (জেনডায়া) দায়িত্ব দেন তার সুরক্ষার।
মূলত ‘স্পাডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার ধারাবাহিকতায় তৈরি হয়েছে চলচ্চিত্রটি। ২০২১ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টারটির শেষে সবার স্মৃতিশক্তি মুছে যাওয়ায় এমজে এবং পিটারের বন্ধু নেড লিডস (জ্যাকব ব্যাটালন) এখনও জানেন না যে পিটারই আসলে স্পাইডার-ম্যান। তবে ট্রেলার থেকে ইঙ্গিত পাওয়া যায়,এখনও স্পাইডার-ম্যানের প্রকৃত পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে নেড।
ট্রেলারে অনেক গুরুত্বপূর্ণ চরিত্রকে দেখা গেলেও স্যাডি সিংকের চরিত্র সম্পর্কে এখনো কিছু জানায়নি মার্ভেল স্টুডিও। খুব অল্প সময়ের জন্য দেখানো হয়েছে তাকে।
তবে অনেকদিন ধরেই গুঞ্জন রয়েছে, হয়তো জিন গ্রে চরিত্রে অভিনয় করছেন স্যাডি সিংক। এক্স-ম্যান কমিকসের অন্যতম জনপ্রিয় চরিত্র তিনি। আবার অন্য কিছু তত্ত্বে বলা হয়েছে, হয়তো গোয়েন স্টেসি অথবা স্ক্রুবল নামের খলচরিত্রে অভিনয় করছেন স্যাডি সিংক।
তবে নতুন ট্রেলার প্রকাশের পর জিন গ্রে-সংক্রান্ত জল্পনা জোরালো হয়েছে আরও। কারণ ট্রেলারে এমন এক রহস্যময় শক্তির ইঙ্গিত দেওয়া হয়েছে, যা মার্ভেল ইউনিভার্সপ্রেমী মানুষের মনে প্রবল কৌতূহল সৃষ্টি করেছে।
একটি দৃশ্যে দেখা যায় ট্রামেল টিলম্যান অভিনীত চরিত্রটি পিটারকে সতর্ক করছে। তার ভাষ্য, মনে হচ্ছে আমরা এমন এক হুমকির মুখে পড়েছি, যাকে নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, দেখতে পর্যন্ত পারছি না আমরা।
এরপর সে আরও বলে, পিটারই একমাত্র ব্যক্তি যার ওপর এই শক্তির প্রভাব পড়ছে না এবং একমাত্র তিনিই এটি অনুভব করতে পারছেন।
ট্রেলারের আরেকটি দৃশ্যে দেখা যায়, পথচারীর মাধ্যমে স্পাইডার-ম্যানের সঙ্গে যোগাযোগ করছে এক অজ্ঞাত ব্যক্তি। সে বলছে, চলো এমজে কেমন আছে দেখে আসি।
ট্রেলারে স্ক্রিনে দেখতে পাওয়া মাইন্ড নিয়ন্ত্রণের এই ক্ষমতাকে জিন গ্রের টেলিপ্যাথিক শক্তির সঙ্গে তুলনা করছেন অনেক ভক্ত।
এদিকে আরও একটি নতুন জল্পনার জন্ম দিয়েছে ট্রেলারটি। অনেকের ধারণা, পিটার পার্কারের পরিবর্তিত শক্তি তাকে ধীরে ধীরে ম্যান-স্পাইডার-এ রূপান্তরিত করছে।
তবে কমিকস পাঠকদের কাছে আগে থেকেই বেশ পরিচিত এই চরিত্রটি।
উল্লেখ্য, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আগামী ৩০ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments