ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর ক্ষেত্রে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে সংগঠনটি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ দেশে স্বর্ণের দাম তদারকি করে বলে দাবি করেছে সংগঠনটি।
রোববার (১৬ আগস্ট) সম্প্রতি ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাজুস।
বিজ্ঞপ্তিতে ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, স্বর্ণের মূল্য বৃদ্ধি বা কমার বিষয়ে কারও কোনো হাত নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে স্বর্ণ আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ওঠানামা করলে বাজুস দ্রুততম সময়ে দেশের বাজারে দাম সমন্বয় করে।
বাজুসের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়লে দেশের বাজারেও বাড়ানো হয় এবং কমলে কমানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের মূল্যসংক্রান্ত বিষয় তদারকির জন্য বাজুস ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ গঠন করেছে। কমিটিটি স্বর্ণের মূল্যসংক্রান্ত বিষয়গুলো নিয়মিত তদারকি করছে।
এর আগে গত ১৫ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওইদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments