ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের সিনেমা হলে মহান বিজয় দিবসে মুক্তি পেল কাজী হায়াত পরিচালিত ‘জয় বাংলা’ এবং মিজানুর রহমান শামীম পরিচালিত ‘৭১ এর একখণ্ড ইতিহাস’। ছবি দুটি মোট ২৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। পরিবেশনার সঙ্গে জড়িতদের সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, ‘জয় বাংলা’ ছবিটি মুনতাসির মামুনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, জাহারা মিতু, শ্রাবণ শাহ, কাজী হায়াত প্রমুখ। এই ছবিটি মুক্তি পেয়েছে দেশের ১৬টি সিনেমা হলে। এবং ‘৭১ এর একখণ্ড ইতিহাস’ ছবিটি মুক্তি পেয়েছে দেশের ৭টি সিনেমা হলে। ছবিটির অভিনয়ে আছেন চিত্রনায়ক রুবেল।
নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ৭১-এর রণাঙ্গনের প্রেক্ষাপটে উঠে এসেছে ছবিতে। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পূর্বের সময় থেকে একাত্তরের ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় উঠে আসবে ‘জয় বাংলা’ ছবিতে। এ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষিক্ত হচ্ছেন জাহানা মিতু।
ট্রেলার প্রকাশের পর তিনি জানান, পরিচালক কাজী হায়াতের নির্দেশনা মেনে পুরো কাজ করেছেন। টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে ‘জয় বাংলা’ প্রযোজনা করছেন মিঠু শিকদার। ২০২০-২১ অর্থ বছরে সাধারণ শাখায় ৬৫ লাখ টাকা অনুদান পায় ‘জয় বাংলা’।
পরিচালক মিজানুর রহমান শামীম বলেন, সিনেমা হলে মুক্তিযুদ্ধের ছবি নিতে চায় না। কারণ, হলে নাকি মুক্তিযুদ্ধের ছবি চলে না। কিন্তু আমি মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক দায়বদ্ধতা আছে। মানুষ দেখুক বা না দেখুক আমি মুক্তিযুদ্ধের ছবি বানিয়ে যাবো।
মুক্তির আগে ছবি দুটির প্রকাশিত ট্রেলার দর্শকদের খুশী করতে পারেনি। ট্রেলার দুটি ইউটিউবেও পাওয়া যাচ্ছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ছবি দুইটি দর্শক কতটা গ্রহণ করবেন সেটি এখন দেখার বিষয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments