ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সময় মাঠে থাকতে পারেননি শরিফুল ইসলাম। চোটের কারণে একাদশের বাইরে থাকা এই বাঁহাতি পেসার অবশ্য বিষয়টিকে দুর্ভাগ্য হিসেবে দেখছেন না। বরং চোটের পর বিশ্রাম ও পুনর্বাসনের সুযোগ পাওয়াকে শরীরের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে রেখে বুধবার (১৯ আগস্ট) ম্যাকাইয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শরিফুল। এ সময় নিজের চোটের অবস্থা, দলের পারফরম্যান্স এবং পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিয়ে কথা বলেন তিনি।
প্রথম টেস্টে খেলতে না পারার বিষয়টি আক্ষেপ হিসেবে দেখছেন কি না-এমন প্রশ্নের জবাবে শরিফুল বলেন, না, আনলাকি না। যেটা হওয়ার, সেটা তো বলে-কয়ে হয় না। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। ইনজুরির পর কিছুদিন বিশ্রাম পেয়েছি, রিহ্যাব করেছি। আমার মনে হয়, শরীরের জন্য ভালোই হয়েছে।
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক ওই জয়ের সময় মাঠে না থাকলেও দলের সাফল্যে নিজেকে সম্পৃক্ত মনে করছেন শরিফুল। এমনকি হাস্যরস করে তিনি জানিয়েছেন, স্কোয়াডে না থাকলেও উদযাপনের ছবিতে জায়গা করে নিয়েছেন।
শরিফুল বলেন, আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। এরকম একটা জয়ের অংশ হতে পেরে, ছবির ভেতর তো অন্তত আসছি (হাসি)। স্কোয়াডে না থাকলেও খুবই ভালো লাগছে। চেষ্টা করব এটা ক্যারি করার। আমি সবসময়ই প্রস্তুত। দেখা যাক, যদি রিজিকে থাকে, ইনশাআল্লাহ।
ডারউইনের জয়ের পর এবার ম্যাকাইয়ে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য বাংলাদেশের। দলের পেসারদের সাম্প্রতিক পারফরম্যান্সও আশাবাদী করে তুলেছে শরিফুলকে। তবে নিজের ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে পুরো দলের সম্মিলিত সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
শরিফুল বলেন, পেসাররা ভালো করলে ভালো লাগে। টিম বাংলাদেশ যখন ভালো করে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই যখন ভালো করে, তখন আরও বেশি ভালো লাগে। ইউনিট হিসেবে পারফর্ম করলেই কিন্তু আমরা জয়টা ছিনিয়ে আনতে পারি।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments